
ওমর ফারুক
নরসিংদী সদর উপজেলার হাজিপুর এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন এবং প্রয়োজনীয় লাইসেন্স ছাড়াই বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (১১ জুন) উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) নরসিংদী আঞ্চলিক অফিসের যৌথ উদ্যোগে হাজিপুর এলাকায় এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।
অভিযান সূত্রে জানা যায়, হাজিপুরের মৌলভীপাড়া এলাকায় অবস্থিত ‘রাধাকৃষ্ণ ভাণ্ডার’ নামের প্রতিষ্ঠানটিতে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় মোড়কজাত লাইসেন্স ছাড়া বিভিন্ন ধরনের বেকারি পণ্য উৎপাদন ও বাজারজাত করছিল।
একই সঙ্গে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ করা হচ্ছিল, যা ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকি বাড়াচ্ছিল।
এ অবস্থায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ এর সংশ্লিষ্ট ধারা লঙ্ঘনের দায়ে প্রতিষ্ঠানটিকে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়, নরসিংদীর সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।
অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের পরিদর্শক (মেট্রোলজি) আরিফ হোসাইন আসিফ। এছাড়া বিএসটিআই নরসিংদীর ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএসটিআই কর্মকর্তারা জানান, নিরাপদ ও মানসম্মত খাদ্যপণ্য নিশ্চিত করতে এবং ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।
জনস্বার্থে মানহীন ও অননুমোদিত খাদ্যপণ্যের বিরুদ্ধে ভবিষ্যতেও কঠোর নজরদারি ও আইনগত ব্যবস্থা অব্যাহত থাকবে।

