ওমর ফারুক
বার্তা সম্পাদক

রাজধানীর আদ্-দ্বীন হাসপাতালে ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় প্রতিষ্ঠানটির লাইসেন্স বাতিলের সিদ্ধান্তকে সঠিক বলে দাবি করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।

তিনি বলেন, “আদ্-দ্বীন হাসপাতাল কোটি কোটি টাকা নিয়ে আমার পেছনে ঘুরেছে। কিন্তু আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় টাকার প্রতি কোনো লোভ হয়নি।

প্রধানমন্ত্রী আমাকে বলেছেন, আপনি যা করবেন, পূর্ণ সমর্থন দেবো। তাই আমি তাদের লাইসেন্স বাতিল করেছি।”শনিবার (১৩ জুন) নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ মিলনায়তন-এ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে আর্থিক অনুদান প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী অভিযোগ করেন, হাসপাতালের অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার কারণেই ৬ নবজাতকের মৃত্যু হয়েছে। তিনি বলেন, নবজাতকদের একটি বদ্ধ কক্ষে রাখা হয়েছিল, যেখানে পর্যাপ্ত বাতাস ও অক্সিজেন প্রবেশের ব্যবস্থা ছিল না। এমনকি দায়িত্বপ্রাপ্ত নার্স ও চিকিৎসকরাও সেখানে উপস্থিত ছিলেন না।

এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।তিনি আরও বলেন, “যে প্রতিষ্ঠানের অবহেলায় ছয়টি মায়ের বুক খালি হয়ে গেছে, তাদের লাইসেন্স বাতিল করব নাকি পুরস্কৃত করব? মানুষের জীবন নিয়ে অবহেলার কোনো সুযোগ নেই।

”বেসরকারি হাসপাতালগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, চিকিৎসাসেবা ব্যবসার মাধ্যম নয়, এটি মানবিক দায়িত্ব। রোগীদের যথাযথ সেবা নিশ্চিত করতে হবে এবং কোনো ধরনের গাফিলতি বরদাশত করা হবে না।

অনুষ্ঠানে তিনি সরকারের নতুন স্বাস্থ্যসেবা পরিকল্পনার কথাও তুলে ধরেন। জানান, পাইলটিং স্কিমের আওতায় স্বাস্থ্যকর্মীরা ঘরে ঘরে গিয়ে প্রাথমিক চিকিৎসাসেবা দেবেন। প্রয়োজন হলে পরবর্তীতে রোগীকে হাসপাতালে রেফার করা হবে। এর মাধ্যমে স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।

এছাড়া চীনের সহযোগিতায় দেশে ৩ হাজার শয্যাবিশিষ্ট দুটি বিশেষায়িত হাসপাতাল নির্মাণের পরিকল্পনার কথাও জানান তিনি। এসব হাসপাতালে নারী ও শিশুদের জন্য আধুনিক চিকিৎসা সুবিধা নিশ্চিত করা হবে বলে উল্লেখ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজীব মিয়া, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, বেলাব উপজেলা বিএনপির সভাপতি আহসান হাবিব বিপ্লব, মনোহরদী থানার ওসি জাহাঙ্গীর বাদশা, মনোহরদী পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান-সহ রাজনৈতিক, সামাজিক ও প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ব্যক্তিবর্গ।