ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীনরসিংদীর মাধবদীতে বিএসটিআইয়ের অনুমোদন ও গুণগত মান যাচাই ছাড়াই অবৈধভাবে অগ্নি নির্বাপক যন্ত্র (ফায়ার এক্সটিংগুইশার) রিফিল করার দায়ে একটি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৫ জুন) দুপুরে জেলা প্রশাসন, নরসিংদী এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর যৌথ উদ্যোগে সদর উপজেলার মাধবদী এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, বিএসটিআইয়ের নির্ধারিত গুণগত মান যাচাই ছাড়াই এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে অগ্নি নির্বাপক যন্ত্র রিফিল করে আসছিল গোমতি ফায়ার টেকনোলজি নামের প্রতিষ্ঠানটি।

এ সময় প্রতিষ্ঠানটির প্রতিনিধি অসিত কুমার ভাওয়ালকে ভোক্তা ও জননিরাপত্তা ঝুঁকির বিষয়টি বিবেচনায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।অভিযান পরিচালনা করেন নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. খালিদ হোসেন শিমুল।

প্রসিকিউটিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই আঞ্চলিক কার্যালয়, নরসিংদীর সহকারী পরিচালক (সিএম) নিখিল রায়।সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অগ্নি নির্বাপক যন্ত্রের কার্যকারিতা নিশ্চিত না হলে অগ্নিকাণ্ডের সময় তা জননিরাপত্তার জন্য মারাত্মক ঝুঁকি তৈরি করতে পারে।

তাই অনুমোদনহীন ও মান নিয়ন্ত্রণবিহীনভাবে এ ধরনের কার্যক্রম পরিচালনার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।বিএসটিআই কর্তৃপক্ষ জানিয়েছে, জনস্বার্থে পণ্যের গুণগত মান নিশ্চিতকরণ এবং ভোক্তা অধিকার সুরক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।