সাইফুর রহমান আকন্দ নিশাদ
মনোহরদী (নরসিংদী) প্রতিনিধি

​বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও আধুনিক বাংলাদেশের স্থপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে নরসিংদীতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে জেলা ছাত্রদল। জেলা ছাত্রদলের নির্দেশনায় বুধবার (২৪ জুন) আয়োজিত এই কর্মসূচিতে পরিবেশের ভারসাম্য রক্ষায় বিভিন্ন প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়।
​কর্মসূচির উদ্যোগ গ্রহণ করেন নরসিংদী জেলা ছাত্রদলের সমাজসেবা বিষয়ক সম্পাদক সাইফুর রহমান আকন্দ নিশাদ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খিদিরপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জনাব আশিকুর রহমান মানিক।

বৃক্ষরোপণ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি আশিকুর রহমান মানিক বলেন, “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন উন্নয়নের জাদুকর এবং প্রকৃতিপ্রেমী। তিনি সবসময় স্বনির্ভর বাংলাদেশের স্বপ্ন দেখতেন এবং উৎপাদন বৃদ্ধির ওপর জোর দিতেন। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি তার সেই উন্নয়নের দর্শনেরই একটি প্রতিফলন। বৈশ্বিক জলবায়ু পরিবর্তন মোকাবিলায় এবং একটি সবুজ বাংলাদেশ গড়তে ছাত্রদলের এই মানবিক উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে।”

​আয়োজক সাইফুর রহমান আকন্দ নিশাদ বলেন, “শহীদ জিয়ার আদর্শকে ধারণ করে পরিবেশ রক্ষায় এবং তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতেই আমরা এই বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করেছি। দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম জোরদার করার মাধ্যমে আমরা দেশের প্রতি আমাদের দায়িত্ব পালন করতে চাই।”
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল লতিফ, ছাত্রনেতা জুমারুল আমিন নিলয়, আপন, মনির, শাহীন, নয়ন, জনিসহ খিদিরপুর ইউনিয়ন ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেখ্য, শহীদ জিয়ার ৪৫তম শাহাদতবার্ষিকী উপলক্ষে মাসব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবেই জেলা ছাত্রদলের পক্ষ থেকে এই সামাজিক কার্যক্রম গ্রহণ করা হয়। কর্মসূচিতে অংশগ্রহণকারী নেতারা শহীদ জিয়ার আত্মার মাগফিরাত কামনা করে দেশ ও জাতির কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।