
আবদুর রহমান
ফিফা বিশ্বকাপ ২০২৬-এর গ্রুপ ‘সি’-এর শেষ ম্যাচে ভিনিসিয়ুসের জোরা গোলে স্কটল্যান্ডকে ৩-০ গোলে হারিয়ে দাপটের সঙ্গে নকআউট পর্বে উঠেছে ব্রাজিল।
স্থানীয় সময় বুধবার (২৪ জুন) যুক্তরাষ্ট্রের মিয়ামি স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে শুরু থেকেই আধিপত্য দেখায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ম্যাচের ৭ মিনিটেই ব্রাজিলকে এগিয়ে দেন তারকা ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র। স্কটল্যান্ডের রক্ষণভাগের ভুলের সুযোগ কাজে লাগিয়ে তিনি নিখুঁত ফিনিশে জাল খুঁজে নেন। এরপর প্রথমার্ধের যোগ করা সময়ে আবারও গোল করে দলের ব্যবধান দ্বিগুণ করেন এই ব্রাজিলিয়ান উইঙ্গার।
দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধার বজায় রাখে ব্রাজিল। ৬০তম মিনিটে দুর্দান্ত এক দলীয় আক্রমণ থেকে গোল করেন মাতেউস কুনিয়া। এরপর আর কোনো গোল না হলেও পুরো ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট আধিপত্য ধরে রাখে সেলেসাওরা।
স্কটল্যান্ড কিছু আক্রমণ গড়ার চেষ্টা করলেও ব্রাজিলের সংগঠিত রক্ষণভাগ ভাঙতে পারেনি। ফলে গুরুত্বপূর্ণ এই ম্যাচে পরাজয় বরণ করতে হয় ইউরোপের দলটিকে। এই জয়ের ফলে গ্রুপ ‘সি’-এর শীর্ষস্থান নিশ্চিত করে ব্রাজিল শেষ ষোলোয় জায়গা করে নিয়েছে।
একই গ্রুপ থেকে মরক্কোও নকআউট পর্বে উত্তীর্ণ হয়েছে। অন্যদিকে স্কটল্যান্ডের বিশ্বকাপ যাত্রা গ্রুপ পর্বেই শেষ হয়ে যায়।

