মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর-নড়াইল মহাসড়কে অভিযান চালিয়ে এক কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা মূল্যের চারটি সম্পূর্ণ ও একটি অর্ধেক স্বর্ণের বারসহ এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎‎

বৃহস্পতিবার (৯ জুলাই ২০২৬) দুপুর ২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর একটি বিশেষ আভিযানিক টহলদল যশোর-নড়াইল মহাসড়কের দাইতলা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় মো. তৌফিকুর রহমান (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

তিনি যশোর জেলার শার্শা উপজেলার স্বরূপদাহ গ্রামের মো. আব্দুল মজিদের ছেলে।‎‎বিজিবি জানায়, আটক ব্যক্তির প্যান্টের পকেটে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৫৩৫ গ্রাম ওজনের চারটি সম্পূর্ণ এবং একটি অর্ধেক স্বর্ণের বার উদ্ধার করা হয়।

এ ছাড়া তার কাছ থেকে একটি মোবাইল ফোন ও নগদ ১ হাজার ৩৭০ টাকা জব্দ করা হয়েছে।‎‎প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি জানান, তিনি ঢাকা থেকে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের বারগুলো বহন করছিলেন।‎‎

বিজিবির তথ্যমতে, উদ্ধার করা স্বর্ণের বারের মূল্য ১ কোটি ৮ লাখ ২১ হাজার ৯৮০ টাকা। জব্দ করা মোবাইল ফোনের মূল্য ৩৯ হাজার টাকা। নগদ অর্থসহ জব্দকৃত মালামালের মোট সিজার মূল্য দাঁড়িয়েছে ১ কোটি ৮ লাখ ৬২ হাজার ৩৫০ টাকা।

‎‎এ ঘটনায় আটক ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করে তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।‎‎যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, “সাম্প্রতিক সময়ে বাংলাদেশ থেকে ভারতে স্বর্ণ পাচারের প্রবণতা বৃদ্ধি পেয়েছে।

এসব পাচার রোধে বিজিবির গোয়েন্দা ও আভিযানিক কার্যক্রম জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে স্বর্ণসহ পাচারকারী আটক করা সম্ভব হয়েছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‎