
তানভীর আহমেদ শাওন
নরসিংদীর সদর উপজেলার কাঠালিয়া ইউনিয়নে এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেনে ও তার পার্শ্ববর্তী এলাকাবাসীর সুপেয় পানির তীব্র সংকট ও আকুতির প্রতি সম্মান জানিয়ে, মাত্র ২৪ ঘণ্টার ব্যবধানে ইউনিয়নের ৫টি ওয়ার্ডে স্থাপন করা হয়েছে ১০টি গভীর নলকূপ।বুধবার (১৫ জুলাই) স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে এই নলকূপগুলো সফলভাবে স্থাপন করা হয়।
জানা গেছে, বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও নরসিংদী সদর আসনের সাবেক সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং সংরক্ষিত মহিলা আসনের সাবেক এমপি শিরিন সুলতানার পক্ষ থেকে এই সুপেয় পানির ব্যবস্থা করা হয়েছে। পুরো উদ্যোগটি মাঠ পর্যায়ে বাস্তবায়ন ও সৌজন্যে ছিলেন কাঠালিয়া ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মোঃ ইসহাক মিয়া, ইউনিয়ন শ্রমিক দলের আহ্বায়ক মোঃ সিরাজুল ইসলাম এবং ইউনিয়ন শ্রমিক দলের সদস্য সচিব মোঃ আলমগীর।
স্থানীয় সূত্রে জানা যায়, ৩ নং ওয়ার্ডের বাসিন্দা শারীরিক প্রতিবন্ধী মো. আনোয়ার হোসেন দীর্ঘদিন ধরে বিশুদ্ধ পানির কষ্টে ভুগছিলেন এবং একটি নলকূপ স্থাপনের ইচ্ছা প্রকাশ করেছিলেন।
বিষয়টি স্থানীয় নেতাকর্মীদের নজরে এলে তারা দ্রুত পদক্ষেপ নেন। পরবর্তীতে জরুরি চাহিদা বিবেচনা করে মাত্র ২৪ ঘণ্টার মধ্যে কাঠালিয়া ইউনিয়নের ২, ৩, ৬, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডে ২টি করে মোট ১০টি নলকূপ স্থাপনের কাজ সম্পন্ন করা হয়।
নলকূপ স্থাপনের সময় প্রতিটি এলাকায় উৎসুক জনতা ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। চাহিদা অনুযায়ী দ্রুততম সময়ে সুপেয় পানির এমন চমৎকার ব্যবস্থা হওয়ায় পুরো ইউনিয়ন জুড়ে বইছে খুশির জোয়ার।
দীর্ঘদিনের কষ্ট লাঘব হওয়ায় গভীর সন্তোষ ও স্বস্তি প্রকাশ করে স্থানীয় এলাকাবাসী জানান, দূর-দূরান্ত থেকে খাবার পানি বয়ে আনার ভোগান্তি থেকে এবার তারা মুক্তি পেলেন। এমন মানবিক কাজের জন্য তারা সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

