
নুরুল কবির
সাতকানিয়ার দুর্গম ও প্রান্তিক জনপদে ত্রাণ সহায়তা নিয়ে যে দৃশ্যপট তৈরি হয়েছে, তা অত্যন্ত উদ্বেগজনক। সরকারি ত্রাণ কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা বিশেষ এলাকার জন্য নয়, এটি প্রতিটি অসহায় মানুষের হক। কিন্তু দুর্ভাগ্যবশত, সাতকানিয়ার এওচিয়া, অমিলাইশ, মাদার্শা ও চরতী ইউনিয়নের সাধারণ মানুষের অভিযোগ—উপজেলা প্রশাসনের ত্রাণ কার্যক্রম যেন এখন ‘লোক দেখানো’ কর্মকাণ্ডে পরিণত হয়েছে।কেন প্রকৃত বন্যার্ত মানুষ সহযোগিতা পাচ্ছে না এটা অথর্ব প্রশাসন একবারও তদারকি করার চিন্তা করেননি।
সরেজমিনে দেখা গেছে, রাস্তার পাশের কিছু সংখ্যক মানুষের হাতে সামান্য কিছু সামগ্রী তুলে দিয়েই দায়িত্ব শেষ করা হচ্ছে। প্রশ্ন উঠছে, বাকি বিশাল জনগোষ্ঠীর ভাগ্যে কী জুটেছে? কেন প্রকৃত অসহায় মানুষের কাছে সহায়তা পৌঁছাচ্ছে না? স্থানীয়দের অভিযোগ, এখানে উপজেলা প্রশাসনের চরম স্বজনপ্রীতি কাজ করছে। যাকে সামনে পাচ্ছে বা যাকে সুবিধা মনে করছে, তাকেই ত্রাণ দিয়ে দায় সারা হচ্ছে—এমন দৃশ্য সাতকানিয়াবাসী আগে কখনো দেখেনি।
প্রশাসন কখনো কারো পক্ষ নিতে পারে না। রাষ্ট্রের সেবক হিসেবে প্রশাসনকে অবশ্যই নিরপেক্ষ থেকে জনগণের কল্যাণে কাজ করতে হবে। কিন্তু বর্তমানে স্থানীয় প্রশাসনের কিছু চিহ্নিত ‘দালাল’ পোষার অভিযোগ উঠেছে, যারা ত্রাণ ও উন্নয়ন কার্যক্রমকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছে বলে জনমনে ধারণা জন্মেছে।
আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই:
১. ত্রাণ তহবিলের প্রতিটি টাকার পূর্ণাঙ্গ হিসাব জনসম্মুখে প্রকাশ করতে হবে।
২. প্রকৃত দুর্গতদের তালিকা যাচাই করে স্বচ্ছতার সাথে ত্রাণ পৌঁছাতে হবে।
৩. দালালচক্রের দৌরাত্ম্য বন্ধ করে প্রশাসনের নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে।
জনগণের কষ্টের টাকায় কেনা ত্রাণ যদি স্বচ্ছতার সাথে বিতরণ না হয়, তবে সেই দায় প্রশাসনকে অবশ্যই নিতে হবে। আমরা অবিলম্বে জেলা প্রশাসক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করছি।

