মোঃ আশিকুর রহমান
আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি

হবিগঞ্জের আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬ টায় উপজেলার জলসুখা ইউনিয়নে নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রীজ নামক এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস (২৫), বানিয়াচং উপজেলার আমিরখানী মহল্লার ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮) এবং একই গ্রামের নুরুল লস্করের ছেলে আবিদুল লস্কর (৩০)।

আহতরা হলেন, চুনারুঘাট উপজেলার শেখেরগাঁও গ্রামের আব্দুস শহিদের ছেলে সাহিদুল ইসলাম বাচ্চু (৩৫) ও একই উপজেলার গোছাপাড়া গ্রামের আব্দুল জব্বারের ছেলে মো. মিজান মিয়া (২৭)। তারা দুজনই ব্যুরো বাংলাদেশ নামে একটি এনজিওতে কর্মরত বলে জানা গেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যায় জলসুখা ব্রীজ এলাকায় দ্রুতগতির তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই তানভীর মিয়া(১৮) নামে একজন নিহত হন। গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক অন্তর দাস এবং আবিদুল লস্করকে মৃত ঘোষণা করেন। এছাড়া সাহিদুল ইসলাম বাচ্চু ও মো.মিজান মিয়াকে আশংকাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজে (ওমেক) হাসপাতালে প্রেরণ করা হয়।

আজমিরীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আকবর হোসেন জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে। নিহতদের মহদেহ হবিগঞ্জ মর্গে রাখা হয়েছে।