ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদী সদর উপজেলার পাঁচদোনা এলাকায় অবস্থিত বায়োকেম কেমিক্যাল কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে পরিবেশ দূষণের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনা করেন নরসিংদী সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মেফতাহুল হাসান।

মঙ্গলবার (২১ জুলাই ২০২৬) পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান ও আদায় করা হয়।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ছিল, প্রতিষ্ঠানটির কেমিক্যাল ড্রাম থেকে রাসায়নিক পদার্থ আশপাশে ছড়িয়ে পড়ায় জলাশয়ের মাছ মারা যাচ্ছে এবং পরিবেশ দূষিত হচ্ছে। অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করলে দেখা যায়, কেমিক্যাল ড্রামগুলো যথাযথভাবে সংরক্ষণ করা হলেও ড্রাম ধোয়ার (ড্রাম ওয়াশ) বর্জ্য পানি আশপাশে ছড়িয়ে পড়ছে, যা পরিবেশের জন্য ক্ষতিকর।

অভিযানে উদ্ঘাটিত অপরাধ বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০)-এর ১৫(২) ধারায় শাস্তিযোগ্য হওয়ায় প্রতিষ্ঠানটিকে ২৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এছাড়া প্রতিষ্ঠান কর্তৃপক্ষ ভবিষ্যতে ড্রেইনেজ লাইনের মাধ্যমে বর্জ্য পানি নির্গমন বন্ধ করা, পরিবেশগত ছাড়পত্র গ্রহণসহ প্রয়োজনীয় পরিবেশগত ব্যবস্থা নিশ্চিত করার অঙ্গীকার করে ভ্রাম্যমাণ আদালতে মুচলেকা প্রদান করে।

অভিযানে নরসিংদী পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রসিকিউশন প্রদান করেন। এ সময় আইনশৃঙ্খলা রক্ষায় মাধবদী থানা পুলিশের একটি দল সহযোগিতা করে।