আবদুর রহমান
সম্পাদক

প্লট বরাদ্দের নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. মিজানুর রহমান, চেয়ারম্যান তানিয়া সুলতানা তানভী এবং পরিচালক মো. মোমেনসহ তাদের স্বার্থসংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে মানিলন্ডারিং প্রতিরোধ আইনে মামলা করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সোমবার (২১ জুলাই) বনানী থানায় দায়ের করা মামলায় মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী-২০১৫)-এর ৪(২) ও ৪(৪) ধারায় অভিযোগ আনা হয়েছে। সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট মামলাটির তদন্ত করছে।

সিআইডি জানায়, প্রাথমিক অনুসন্ধানে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎ এবং সেই অর্থ বিভিন্ন স্বার্থসংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের মাধ্যমে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তরের প্রমাণ মিলেছে। অনুসন্ধানে দেখা যায়, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে বেস্টওয়ে ল্যান্ড প্রোপার্টিজ লিমিটেড রূপগঞ্জ উপজেলার ভোলাব, তরাইল, বিরাব, মোচারতালুকসহ বিভিন্ন মৌজায় প্লট বিক্রির নামে ব্যাপক প্রচারণা চালিয়ে সাধারণ মানুষের কাছ থেকে কিস্তিতে অর্থ সংগ্রহ করে।

অভিযোগ অনুযায়ী, আকর্ষণীয় বিজ্ঞাপনের মাধ্যমে প্লট দেওয়ার প্রতিশ্রুতি দিলেও অধিকাংশ গ্রাহককে নির্ধারিত প্লট বুঝিয়ে দেওয়া হয়নি। দীর্ঘ সময় পার হলেও তাদের জমা দেওয়া অর্থও ফেরত দেওয়া হয়নি। বরাদ্দের নিশ্চয়তা হিসেবে অনেক গ্রাহককে শুধু জিম্মা, গ্যারান্টি বা সিকিউরিটি হিসেবে সাব-কবলা দলিল দেওয়া হলেও প্রকৃত প্লট হস্তান্তর করা হয়নি।

সিআইডির অনুসন্ধানে অন্তত ৩৭ জন গ্রাহকের কাছ থেকে প্রতারণার মাধ্যমে মোট ৭ কোটি ২ লাখ ৬৭ হাজার ৬০৪ টাকা গ্রহণের তথ্য পাওয়া গেছে। তবে তাদের কাউকেই প্রতিশ্রুত প্লট বুঝিয়ে দেওয়া হয়নি এবং অর্থও ফেরত দেওয়া হয়নি বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

অনুসন্ধানে আরও উঠে এসেছে, গ্রাহকদের কাছ থেকে সংগৃহীত অর্থের একটি বড় অংশ অভিযুক্তদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠানের নামে পরিচালিত ব্যাংক হিসাবে স্থানান্তর করা হয়। এসব প্রতিষ্ঠানের ৮২টি ব্যাংক হিসাব পর্যালোচনা করে ২০১০-২০১৪ সময়ে ৩৫৯ কোটি ২ লাখ ৭১ হাজার ৯৪৫ টাকা জমা এবং ৩৫৮ কোটি ৫৪ লাখ ৩৭ হাজার ১০২ টাকা উত্তোলনের তথ্য পাওয়া গেছে। সিআইডির ভাষ্য, এসব অর্থ বিভিন্নভাবে স্থানান্তর, হস্তান্তর ও রূপান্তর করা হয়েছে।

তদন্তে আরও জানা যায়, ২০১০ থেকে ২০১৪ সালের মধ্যে মোট ২ হাজার ৭১৩টি জিম্মা, গ্যারান্টি বা সিকিউরিটি হিসেবে সাব-কবলা রেজিস্ট্রি দলিল সম্পাদনের তথ্য মিলেছে। এসব নথি ও আর্থিক লেনদেন বিশ্লেষণে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে স্থানান্তর ও রূপান্তরের প্রাথমিক প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছে সংস্থাটি।

মামলায় অভিযুক্ত তিন ব্যক্তি ছাড়াও তাদের স্বার্থসংশ্লিষ্ট ১৭টি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তের ধারাবাহিকতায় প্রতারণার প্রকৃত পরিমাণ, অর্থের উৎস ও গন্তব্য, ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ স্থানান্তরের ধরন এবং এ ঘটনায় অন্য কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে আরও ভুক্তভোগী গ্রাহকদের শনাক্ত করে তাদের ক্ষতির পরিমাণ নিরূপণের কাজও চলমান রয়েছে।

এদিকে সিআইডি জনগণকে আবাসন প্রকল্পে প্লট বা ফ্ল্যাট কেনার আগে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের নিবন্ধন, জমির মালিকানা, প্রকল্পের অনুমোদন, ভূমির কাগজপত্র এবং অর্থ লেনদেনের বৈধতা যাচাই করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি প্রতারণা বা মানিলন্ডারিং সংক্রান্ত কোনো তথ্য থাকলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবহিত করার অনুরোধও জানানো হয়েছে।