মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে মহামান্য হাইকোর্ট কর্তৃক জমিতে স্থিতি আদেশ জারি করলেও তা অমান্য করে একটি পক্ষ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে জমি দখলের অভিযোগ পাওয়া গেছে। এসময় সংঘর্ষে নারীসহ আরও দুইজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। ব্যাপারে ফুলবাড়ী থানায় একটি অভিযোগ হয়েছে। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুরের মাঠের পাড় এলাকার পৈত্রিক সুত্রে প্রাপ্ত ১ একর ২৭ শতাংশ জমি নিয়ে ওই এলাকার আবু জের গফফারীর দীর্ঘদিন থেকে বিবাদ চলে আসছিল একই এলাকার আব্দুল খালেক গংদের সঙ্গে।

সুত্রে জানা যায়, অনন্তপুর মৌজার ১৪৬/১ খতিয়ানে ৩৭১০ দাগ নং এ ১ একর ২৭ শতাংশ জমি মৃত ফজর আলী তার নিজ নামিও জমি ভোগ দখল করে থাকা অবস্থায় ভুল বশত ওই এলাকার সোনাউল্লা ও হোসেন আলীর নামে রেকর্ডভুক্ত হয়। বিষয়টি জানাজানি হয়ে গেলে ওই রেকর্ড সংশোধনের জন্য বিজ্ঞ কুড়িগ্রাম জেলা জজ আদালতে গত ২৪ নভেম্বর ২০১৬ ইং তারিখে ১৭৭/২৬ একটি মামলা দায়ের করেন। মামলাটি দীর্ঘ শুনানি শেষে গত ১৬ নভেম্বর ২০২৫ তারিখ বিজ্ঞ জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালত ফজর আলীর পক্ষে রায় ঘোষণা করেন। ফজর আলীর ওয়ারিশগণ জমি ভোগ দখল ও চাষাবাদ করতে থাকা অবস্থায় ওই রায়ের বিরুদ্ধে বিবাদীপক্ষের মোজাম্মেল হক বিজ্ঞ উচ্চ আদালতে সিভিল রিভিশনে ২১/২০২৬ নামে ১২ জানুয়ারি মামলা দায়ের করেন। বিজ্ঞ আদালত স্থিতি আদেশ জারি করেন।

কিন্তু আদেশটি চলমান থাকা অবস্থায় তা অমান্য করে আব্দুল খালেকের লোকজন গত ২৪ জুলাই/২৬ দুপুরে অবৈধ জনতা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে ওই জমিতে ধানের চারা রোপন করে। এসময় মৃত ফজর আলীর ছেলে আবু জের গফ্ফারী, জায়দুল হক,মেয়ে মর্জিনা বাধা প্রদান করলে তাদেরকে বেধরক মারপিট ও শ্লীলতাহানি করা হয়।

এ ব্যাপারে বিবাদী পক্ষের আব্দুল খালেক,বেলাল হোসেন ও জোবাইদুল হক জানান, আমরা রেকর্ড মূলে জমি হালচাষ করছি। তারা যদি আইনে জমি পায় তাহলে আমরা জমি ছেড়ে দিবো।

বাদীপক্ষের আবু জের গফ্ফারী জানান, আমরা পৈত্রিক সুত্রে জমির মালিক। এছাড়াও আদালতের রায়ও রয়েছে। আদালতের রায় তারা অমান্য করেছেন।

ফুলবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইয়াসিন আলী জানান , অভিযোগ পেয়ে তদন্তের জন্য ঘটনা স্থলে গিয়ে তদন্ত করা হয়েছে। তদন্তের কার্যক্রম অব্যাহত রয়েছে।