আবদুর রহমান
সম্পাদক

দেশের অপরাধ তদন্ত কার্যক্রমের অন্যতম প্রধান সংস্থা সিআইডির নেতৃত্বে এলেন অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন। বুধবার (২৯ জুলাই) ঢাকার সিআইডি সদর দপ্তরে তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।

এর আগে গত ২৮ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে সিআইডির প্রধান হিসেবে নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের আগে তিনি প্রেষণে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। এনএসআইতে দায়িত্ব পালনকালেই তিনি অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক (অ্যাডিশনাল আইজিপি) পদে পদোন্নতি লাভ করেন।

ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন ১৯৯৫ সালে ১৫তম বিসিএসের মাধ্যমে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগ দেন। প্রায় ৩০ বছরের কর্মজীবনে তিনি তদন্ত, গোয়েন্দা কার্যক্রম, প্রশিক্ষণ, প্রশাসন ও মাঠপর্যায়ের পুলিশিং—সব ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।

সিআইডির সদর দপ্তরের পাশাপাশি চট্টগ্রাম ও কুমিল্লা ইউনিটে বিশেষ পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করে অপরাধ তদন্তে দক্ষতার স্বাক্ষর রাখেন তিনি। এছাড়া পিরোজপুর ও চাঁপাইনবাবগঞ্জ জেলার পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি), র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব), পুলিশ হেডকোয়ার্টার্স এবং রাজশাহী, বরিশাল, খুলনা, রংপুর ও ঢাকা রেঞ্জের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করে সমৃদ্ধ অভিজ্ঞতা অর্জন করেন।

পুলিশ একাডেমি, সারদায় প্রশিক্ষণ, গবেষণা ও কারিকুলাম উন্নয়ন কার্যক্রমেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আধুনিক পুলিশিং ও তদন্ত ব্যবস্থার উন্নয়নে তার সম্পৃক্ততা দীর্ঘদিনের।

শিক্ষাজীবনে তিনি ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে যুক্তরাজ্যের সিটি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। এছাড়া মালয়েশিয়ায় ফরেনসিক ল্যাবরেটরি প্রশিক্ষণ, পাকিস্তানে বিশেষ আঞ্চলিক কর্মশালা এবং তুরস্কে অনুষ্ঠিত ১০তম ইন্টারপা (INTERPA) সম্মেলনসহ দেশ-বিদেশের বিভিন্ন প্রশিক্ষণ ও আন্তর্জাতিক কর্মসূচিতে অংশ নিয়ে তদন্ত ও ফরেনসিক বিষয়ে বিশেষ দক্ষতা অর্জন করেন।

দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে সিআইডির ডিআইজি, অতিরিক্ত ডিআইজি, বিশেষ পুলিশ সুপার, অতিরিক্ত বিশেষ পুলিশ সুপারসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ সময় তারা নবনিযুক্ত সিআইডি প্রধানকে ফুলেল শুভেচ্ছা জানান এবং নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।