
মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদী উপজেলায় নারীর প্রতি সকল প্রকার সহিংসতা প্রতিরোধে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) বেলা ১২টায় উইমেন এগেইনস্ট ভায়োলেন্স এভরিহোয়ার (ওয়েভ)-এর উদ্যোগে উপজেলা সদরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ওয়েভ-এর যুগ্ম সমন্বকারী নারগিস আক্তার।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, নারী নির্যাতন, বাল্যবিবাহ, যৌন হয়রানি ও পারিবারিক সহিংসতা প্রতিরোধে পরিবার, সমাজ এবং রাষ্ট্রকে সমন্বিতভাবে কাজ করতে হবে। নারীর নিরাপত্তা ও সমঅধিকার নিশ্চিত করতে জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি বিদ্যমান আইনের কার্যকর বাস্তবায়নের ওপরও তারা গুরুত্বারোপ করেন।
পরে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, নারীর প্রতি যেকোনো ধরনের সহিংসতা শুধু ব্যক্তি বা পরিবারের নয়, বরং সমাজের সামগ্রিক অগ্রগতির অন্তরায়। এ ধরনের অপরাধ প্রতিরোধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা।
এ সময় পিস ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) এবং ইয়থ পিস অ্যাম্বাসেডর গ্রুপ (ওয়াইপিএজি)-এর সদস্যরা মানববন্ধনে অংশ নেন এবং নারী নির্যাতনমুক্ত সমাজ গঠনে সম্মিলিত উদ্যোগ গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন।

