তানভীর আহমেদ শাওন
বিশেষ প্রতিনিধি

নরসিংদীর শিবপুরে পারিবারিক বিরোধ, অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ এবং কোটি টাকার মালামাল লুটপাটের দায়ে আদালতে দায়ের হওয়া একের পর এক মামলা ঘিরে সৃষ্টি হয়েছে চরম ধোঁয়াশা। বাদীদের দাবি—চাঁদাবাজি, অনধিকার প্রবেশ ও সপরিবারে তাঁদের ওপর চালানো হয়েছে মধ্যযুগীয় বর্বরতা। অন্যদিকে, অভিযুক্ত ও স্থানীয় গ্রামবাসীর পাল্টা ভাষ্য—এলাকায় মাদক ও অসামাজিক কাজ বন্ধের সামাজিক উদ্যোগকে বানচাল করতেই সাজানো হয়েছে এসব মনগড়া ও কাল্পনিক মামলা। খোদ পুলিশ কর্মকর্তা ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যেও উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য।

উপজেলার সৈয়দরখোলা গ্রামের সাবিহা বেগম, তাঁর মেয়ে সুমনা এবং কমল মিয়া নামের এক ব্যক্তি বিজ্ঞ শিবপুর আমলী আদালতে পৃথক তিনটি সি.আর. মামলা (মামলা নং: ৫৮০/২০২৬, ৫৮২/২০২৬ ও ৫৮১/২০২৬) দায়ের করেন। মামলার আরজি ও ভুক্তভোগী সাবিহা বেগম এবং সুমনার দাবি, আসামিরা দীর্ঘদিন ধরে তাঁদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল। চাঁদা না পেয়ে গত জুনে আসামিরা একাধিকবার দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে তাঁদের বসতবাড়িতে হামলা চালায়, ঘরের দরজা-জানালা ভেঙে ভেতরে ঢুকে তাঁদের বেধড়ক মারধর করে হাত ভেঙে দেয় এবং নাতিদের আটকে রেখে হত্যার হুমকি দেয়। সুমনার অভিযোগ, গত ২৬ জুন দুপুরে শতাধিক লোক একজোট হয়ে তাঁদের বসতঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বর্ণালংকার, আসবাবপত্র, ইলেকট্রনিক সামগ্রী, দলিলপত্র এবং গবাদিপশুসহ বিপুল অঙ্কের মালামাল লুট করে নিয়ে যায়। এমনকি মিথ্যা অপবাদ দিয়ে তাঁদের গ্রামছাড়া করা হয়েছে বলেও তাঁরা দাবি জানান।

বাদীদের এমন অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন ও কাল্পনিক বলে দাবি করেছেন মামলার অভিযুক্ত ও সৈয়দরখোলা গ্রামের বাসিন্দারা। অভিযুক্ত মোবারক ও শহিদ উল্লার দাবি, সাবিহা বেগম ও তাঁর মেয়ে সুমনা দীর্ঘদিন ধরে এলাকায় বহিরাগতদের নিয়ে অসামাজিক কর্মকাণ্ড, সুদের ব্যবসা ও মাদকের আস্তানা চালিয়ে আসছেন। ‘সামাজিক ইনসাফ’ নামের স্থানীয় সংগঠনের ব্যানারে গ্রামের তিন সমাজের মুরুব্বিরা তাঁদের সতর্ক করতে গেলে উল্টো ভেতর থেকে ঘরের দরজার ফাঁক দিয়ে লোহার রড ও কাচের বোতল দিয়ে আক্রমণ চালানো হয়। এতে কয়েকজন মুরুব্বি ও যুবক রক্তাক্ত হলে ক্ষুব্ধ জনতা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। মামলার মূল অভিযোগ ‘কোটি টাকার সম্পদ লুটপাট’ হলেও বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন বলে জানিয়েছে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা।

ঘটনার দিন ঘটনাস্থলে উপস্থিত থাকা শিবপুর মডেল থানার এসআই কামরুল জানান, “আমি নিজে ‘প্রিভেন্টিভ মোডে’ কাজ করেছি। কোনো লুটপাটের ঘটনা ঘটেনি। সাধারণ জনগণের সহায়তায় তারা যেন নিরাপদে নিজেদের জিনিসপত্র, হাঁস-মুরগি ভ্যান ও নসিমন ভাড়া করে নিরাপদ স্থানে নিয়ে যেতে পারে, সেই ব্যবস্থা করা হয়েছিল। কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দেয়নি। কিন্তু ভুক্তভোগীরা সরাসরি আদালতে গিয়ে মিথ্যে নালিশী পিটিশন দায়ের করেছে।”

প্রত্যক্ষদর্শী আবুল হোসেনের মতে, ঘরে কোটি টাকার কোনো সম্পদই ছিল না। সাধারণ ভ্যান ও নসিমনে করে তাঁরা নিজেরাই পুলিশি পাহারায় নিজেদের যাবতীয় জিনিসপত্র নিয়ে চলে যান।

মামলায় বর্ণিত সাক্ষীদের ভূমিকা নিয়েও উঠে এসেছে বড় প্রশ্ন। মামলার ৪ নং মানিত সাক্ষী লোকমান ক্ষোভ প্রকাশ করে বলেন, “ঘটনাস্থলে আমি উপস্থিতই ছিলাম না। আমার ভাইপোর বিয়ের অনুষ্ঠানে ব্যস্ত ছিলাম। অথচ আমার অজান্তে আমাকে ভুয়া সাক্ষী বানানো হয়েছে। যারা এলাকায় মাদক ও অপকর্ম ছড়াচ্ছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক।” সাক্ষী মাসুদা জানান, তাঁর স্বামী এই মামলার আসামি হলেও তাঁকেই আবার না জানিয়ে উল্টো মামলার সাক্ষী বানিয়ে দেওয়া হয়েছে!

পুলিশের গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে এরই মধ্যে আটক করা হলেও তারা পরবর্তীতে জামিনে মুক্তি পান। তবে এই ভূয়া মামলা ও সামাজিক অস্থিরতা নিয়ে চরম ক্ষোভ ছড়াচ্ছে পুরো এলাকায়। এলাকাবাসীর স্পষ্ট দাবি—অসামাজিক ও মাদক কর্মকাণ্ড বন্ধের পাশাপাশি আদালতের চোখ ফাঁকি দিয়ে যারা মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষকে হয়রানি করছে, তাদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটন করা হোক।