
ওমর ফারুক
রূপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের রামপালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৬ আগস্ট) সকালে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপন কমিটির উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।
এতে স্থানীয় মৎস্যজীবী, সফল মৎস্যচাষি, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।র্যালি শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি বলেন, ‘রূপালি মাছ শুধু আমাদের প্রোটিনের চাহিদা পূরণ করছে না, বরং জাতীয় অর্থনীতি ও বৈদেশিক মুদ্রা অর্জনেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’
তিনি আরও বলেন, রামপাল অঞ্চলে মাছ ও চিংড়ি চাষের ব্যাপক সম্ভাবনা রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগিয়ে দেশের অর্থনৈতিক উন্নয়নে সবাইকে এগিয়ে আসতে হবে।
এ সময় জাতীয় মৎস্য পক্ষ উদযাপন কমিটির সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
মৎস্য পক্ষ উপলক্ষে পুরো সপ্তাহজুড়ে মাছের পোনা অবমুক্তকরণ, সচেতনতামূলক কর্মসূচি এবং সফল মৎস্যচাষিদের পুরস্কৃত করার মতো বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

