
মোঃ মোবারক হোসেন
নরসিংদীর মনোহরদী উপজেলার এল কে ইউনিয়ন বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা এবং নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুলেল শুভেচ্ছায় বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ আগস্ট ২০২৬) বিদ্যালয়ের হলরুমে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবির।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রহমতুল আলম, ডা. রুবিনা জাহান, বিশিষ্ট ব্যবসায়ী মোবারক হোসেন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির ৯ নম্বর ওয়ার্ডের সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম ও সাবেক মেম্বার শাহাবুদ্দিন। এ ছাড়া বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতেই নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতি ডা. এম এইচ কবিরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয়। পরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।
সভাপতির বক্তব্যে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতিকুল্লাহ বলেন, এসএসসি পরীক্ষায় শিক্ষার্থীদের জিপিএ-৫ অর্জন বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার ফল। তাদের এ সাফল্যে বিদ্যালয় পরিবার আনন্দিত ও গর্বিত।
তিনি বলেন, “শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তুলতে আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি। ভবিষ্যতেও বিদ্যালয়ের শিক্ষার মান আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও ম্যানেজিং কমিটির সদস্যদের সহযোগিতা প্রয়োজন।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের সাফল্যের ধারা অব্যাহত রাখতে নিয়মিত পাঠদান, শৃঙ্খলা এবং সুন্দর শিক্ষার পরিবেশ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হবে।
প্রধান অতিথির বক্তব্যে ডা. এম এইচ কবির তাকে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ সময় তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, মনোহরদী উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, খিদিরপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল ফজল, লেবুতলা ইউনিয়ন বিএনপির সভাপতি জাকির হোসেন শাহিন মোড়লসহ এলাকাবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানান।
ডা. এম এইচ কবির বলেন, “এই বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নে যা যা করা প্রয়োজন, সবকিছুই করার চেষ্টা করা হবে। শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলাই আমাদের অন্যতম লক্ষ্য।”
শিক্ষার্থীদের উদ্দেশে তিনি বলেন, “সবার আগে ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ না হলে কখনো ভালো ছাত্র হওয়া যায় না।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পড়াশোনার পাশাপাশি সততা, শৃঙ্খলা, নৈতিকতা ও মানবিকতার চর্চা করতে হবে।
বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করা এবং শিক্ষার্থীদের সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখতে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও বক্তব্য রাখেন। তারা জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের পাশাপাশি আদর্শ ও সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তোলার পরামর্শ দেন।
সবশেষে শিক্ষার্থীদের সাফল্য উদযাপনের পাশাপাশি বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, নৈতিক চরিত্র গঠন এবং একটি সুন্দর ও আদর্শ শিক্ষার পরিবেশ নিশ্চিত করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

