
তানভীর আহমেদ শাওন
নরসিংদীতে জেলা পুলিশের সপ্তাহব্যাপী বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র, মাদকদ্রব্য ও ভারতীয় চোরাচালানি পণ্যসহ ২৩৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গত ১৮ থেকে ২৪ আগস্ট পর্যন্ত র্যাব, এপিবিএন ও আরআরএফ-এর সহযোগিতায় জেলার বিভিন্ন থানা এলাকায় এ যৌথ অভিযান চালানো হয়। ২৫ আগস্ট আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করে পুলিশ প্রশাসন।
পুলিশ জানায়, সাত দিনের এই অভিযানে ১টি আমেরিকান পিস্তল, ১টি দেশি এলজি, ১৩ রাউন্ড গুলি-কার্তুজ এবং টেঁটা, চাপাতি, রামদা ও ছুরিসহ বিভিন্ন ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
অভিযানে উদ্ধারকৃত মাদকের মধ্যে রয়েছে ৮,৬৩৩ পিস ইয়াবা, ২৪৯ কেজি ৩৫০ গ্রাম গাঁজা, ৪৯ বোতল ফেনসিডিল, কাফ সিরাপ ও বিদেশি মদ। জব্দকৃত এসব মাদকের আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৮৬ লাখ ১৩ হাজার ৮০০ টাকা।
এছাড়া ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১ কোটি ১০ লাখ ৩৭ হাজার টাকা মূল্যের চোরাই ভারতীয় শাড়ি, প্রসাধনী ও সাবানভর্তি একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়। উদ্ধার তালিকার আরও রয়েছে ১টি প্রাইভেটকার, ১টি নোয়া মাইক্রোবাস, ১টি মোটরসাইকেল, ১টি চোরাই অটোরিকশা এবং ২টি বুলেটপ্রুফ জ্যাকেট।
অভিযানকালে অপহৃত এক ব্যক্তিকে উদ্ধারের পাশাপাশি মনোহরদীর আলোচিত হত্যা মামলার মূল আসামিকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
সপ্তাহব্যাপী এ অভিযানে মোট ২৩৭ জন আসামিকে গ্রেপ্তার, ৩০৫টি ওয়ারেন্ট নিষ্পত্তি এবং ৮৮টি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। একই সময়ে ট্রাফিক বিভাগের বিশেষ তল্লাশিতে দায়ের করা হয়েছে ৩১৭টি মামলা।

