নিজস্ব প্রতিবেদক

দীর্ঘ দায়িত্বে আলোচনা-সমালোচনা, জীবিতকে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগ ঘিরেও হয়েছিল তোলপাড়

দীর্ঘদিন ধরে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করা মো. মাহফুজুর রহমানকে অবশেষে বদলি করা হয়েছে। তাকে চাঁদপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে পদায়ন করেছে স্থানীয় সরকার বিভাগ।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের পৌর-১ শাখার ৩১ আগস্ট ২০২৬ তারিখের এক আদেশে এ বদলির বিষয়টি জানানো হয়। স্মারক নম্বর ৪৬.০০.০০০০.০০০.০৬৩.১৯.০০০৫.২৫(অংশ-১)-৭৫৭(১/৭)-এ যুগ্ম সচিব মো. সগীর হোসেন স্বাক্ষর করেছেন।

প্রশাসনিক সূত্রে জানা যায়, মাহফুজুর রহমান প্রথমবার ২৫ মে ২০১৪ সালে নরসিংদী পৌরসভার নির্বাহী কর্মকর্তা হিসেবে যোগ দেন। এরপর ২৭ জুলাই ২০২১ সাল পর্যন্ত তিনি এ দায়িত্বে ছিলেন। মাঝখানে শিখা রাণী বর্মণ নির্বাহী কর্মকর্তার দায়িত্ব পালন করেন। পরে প্রায় দুই বছরের ব্যবধানে ২৭ এপ্রিল ২০২৩ সালে ফের নরসিংদী পৌরসভায় নির্বাহী কর্মকর্তা হিসেবে ফিরে আসেন তিনি।

অর্থাৎ দুই দফায় দীর্ঘ সময় নরসিংদী পৌরসভার গুরুত্বপূর্ণ এই প্রশাসনিক পদে দায়িত্ব পালন করেছেন মাহফুজুর রহমান। দীর্ঘ এই সময়ে পৌরসভার বিভিন্ন প্রশাসনিক সিদ্ধান্ত, নাগরিক সেবা ও কর্মকাণ্ড নিয়ে যেমন প্রশংসা রয়েছে, তেমনি রয়েছে নানা আলোচনা-সমালোচনাও।

স্থানীয়দের একটি অংশের অভিযোগ, পৌরসভার দায়িত্ব পালনের ক্ষেত্রে স্থানীয় রাজনৈতিক ও প্রভাবশালী মহলের সঙ্গে সমন্বয় করে চলার একটি বিশেষ কৌশল গড়ে তুলেছিলেন এই কর্মকর্তা। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্যও পাওয়া যায়নি।

তবে তার দায়িত্বকাল নিয়ে সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয় জীবিত ব্যক্তিকে মৃত্যু সনদ দেওয়ার অভিযোগকে কেন্দ্র করে। অভিযোগটি প্রকাশ্যে আসার পর বিষয়টি নিয়ে নরসিংদী পৌরসভাসহ স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়।

এ নিয়ে সংবাদ প্রকাশের পর সাংবাদিকদের সঙ্গে তার আচরণ নিয়েও প্রশ্ন ওঠে। অভিযোগ রয়েছে, সংশ্লিষ্ট সংবাদ প্রকাশের জেরে ওই সাংবাদিককে ‘একহাত দেখে নেওয়ার’ হুমকি দেওয়া হয়েছিল। যদিও এ অভিযোগের বিষয়ে মাহফুজুর রহমানের বক্তব্য পাওয়া যায়নি।

দীর্ঘদিন একই পৌরসভায় নির্বাহী কর্মকর্তার দায়িত্বে থাকা নিয়ে এর আগেও স্থানীয় পর্যায়ে নানা প্রশ্ন ও আলোচনা ছিল। এবার হঠাৎ নয়, বরং দীর্ঘ সময়ের দায়িত্বপর্ব শেষে তার বদলিকে ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে পৌরবাসীর মধ্যে।

স্থানীয়দের প্রশ্ন—একই পৌরসভায় একজন নির্বাহী কর্মকর্তা দীর্ঘদিন দায়িত্ব পালন করলে প্রশাসনিক ধারাবাহিকতার পাশাপাশি জবাবদিহি ও স্বচ্ছতা কতটা নিশ্চিত হয়? আর যেসব অভিযোগ ও বিতর্ক সময়ে সময়ে সামনে এসেছে, সেগুলোর বিষয়ে আদৌ কোনো প্রশাসনিক পর্যালোচনা হয়েছে কি না সেটিও এখন আলোচনায়।

তবে বদলি আদেশে তার বিরুদ্ধে কোনো অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। ফলে চাঁদপুর পৌরসভায় নতুন দায়িত্বে যোগ দেওয়ার পর মাহফুজুর রহমান কীভাবে দায়িত্ব পালন করেন এবং তার বিরুদ্ধে ওঠা পুরোনো অভিযোগগুলোর বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ নেয় কি না—সেদিকেই এখন নজর স্থানীয়দের।