মোঃ কামাল হোসেন
জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধি

জীবননগরের আন্দুলবাড়িয়া পূর্ববাজারে কাজি ফার্মেসীতে নুরুল ইসলাম নামে এক যুবকের বিরুদ্ধে ভাংচুর ও নগদ টাকা ছিনিয়ে নেয়ার অভিযোগ উঠেছে। গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আকস্মিক হামলা চালিয়ে প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি সাধন করার ঘটনা ঘটে। এ সময় ফার্মেসী মালিক কাজি দোলোয়ার হোসেন রিপন ভাঙ্গা কাচের টুকরার আঘাতে আহত হন। হামলাকারী শেখ নুরুল ইসলাম খাপাড়ার মৃত শেখ আবুল হোসেনের ছেলে। এ হামলা, ভাংচুর ও ছিনতাই করার ঘটনায় কাজি রিপন হোসেন বাদী হয়ে জীবননগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সুত্রে জানা গেছে, গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে খাপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে নুরুল ইসলাম (৫০) আকস্মিক কাজি ফাম্মেসীতে লোহার সাবল নিয়ে হামলা চালায়। এ হামলায় ল্যাপটপ, প্রিন্টার, এসি ও দোকানের গ্লাস ভাংচুর করে। এ সময় তান্ডব চালিয়ে সে দোকানের মধ্যে অনাধিকার ভাবে প্রবেশ করে ক্যাশ ড্রয়ার ভেঙ্গে নগদ একলক্ষ টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় বলে কাজি রিপন হোসেন অভিযোগ পত্রে দাবী করে। এ হামলা ও ভাংচুর করার সময় তিনি কাঁচের টুকরার আঘাতে আহত হন। হামলা ও ছিনতাই ঘটনায় তিনি প্রায় ৩ লক্ষ টাকা ক্ষতি গ্রস্থ হয়েছেন।

তিনি অভিযোগ পত্রে আরো দাবী করেন কয়েকদিন আগে নুরুল ইসলাম তার নিকট পাঁচ লক্ষ টাকা চাঁদা দাবী করেন। এ চাঁদার টাকা না পেয়ে তিনি ক্ষুদ্ধ হয়ে এ হামলা ও ছিনতায়ের ঘটনা ঘটিয়েছেন। হামলাকারী যুবক নুরুল ইসলাম দাবী করেন, কাজি রিপন হোসেনের পিতা কাজি ফরিদ হোসেন আমার ও আমার বোনের টুনা যাদু করে জীবন শেষ করে দিয়েছে। তার প্রতিশোধ নিতে তিনি এ ঘটনা ঘটিয়েছেন। এ ব্যাপারে জীবননগর থানার অফিসার ইনচার্জ সোলাইমান শেখ বলেন, অভিযোগপত্র পেয়েছি। ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।