ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর মাধবদীতে লিখিত চুক্তির মাধ্যমে ১ লাখ ৫০ হাজার টাকা ঋণ নিয়ে নির্ধারিত সময়ের মধ্যে তা পরিশোধ না করার অভিযোগে মো. আবদুল কাদের নামে এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা করেছেন মুফতি মো. লোকমান হোসেন।

মামলার এজাহার ও বাদীপক্ষের দেওয়া তথ্য অনুযায়ী, নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন ছোট গদাইরচর এলাকার মুফতি মো. লোকমান হোসেনের সঙ্গে ব্যবসায়িক সূত্রে পরিচয় ছিল গাজীপুর মহানগরীর পূর্ব টঙ্গী থানাধীন ৪৭ নম্বর ওয়ার্ডের আনোয়ার রেলগেইট এলাকার হযরত মিয়ার বাড়ির ভাড়াটিয়া মো. আলাউদ্দিনের ছেলে মো. আবদুল কাদেরের।

চুক্তিপত্রের ছবিতে দেখা যায়, বিসমিল্লাহির রাহমানির রাহিম লেখা নোটারি পাবলিকের কাগজে ১ লাখ ৫০ হাজার টাকার লেনদেনের চুক্তিপত্র করা হয়েছে এবং চুক্তির মেয়াদ ১ মাস উল্লেখ রয়েছে। এতে উভয় পক্ষের নাম-ঠিকানা উল্লেখ করা হয়েছে।

বাদীপক্ষের অভিযোগ, ব্যবসায়িক প্রয়োজনে আবদুল কাদের এক মাসের মেয়াদে লিখিত চুক্তির মাধ্যমে মুফতি লোকমান হোসেনের কাছ থেকে ১ লাখ ৫০ হাজার টাকা নেন। নির্ধারিত সময় পার হয়ে গেলেও তিনি পাওনা টাকা পরিশোধ করেননি।

পরে পাওনা টাকা চাইতে গেলে আবদুল কাদের টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং টাকা নেওয়ার বিষয়টিও অস্বীকার করেন বলে মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় টাকা উদ্ধারের পাশাপাশি আইনগত প্রতিকার চেয়ে গাজীপুরের বিজ্ঞ অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (আমলী টঙ্গী) আদালতে দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারায় মামলা দায়ের করেন মুফতি লোকমান হোসেন।

বাদীপক্ষের আরও দাবি, মামলা দায়েরের পর থেকে আবদুল কাদের ও তার পরিবারের সদস্যরা পূর্বের ঠিকানায় অবস্থান করছেন না। তাকে বিভিন্ন স্থানে খোঁজ করা হচ্ছে। অভিযোগ রয়েছে, আবদুল কাদের বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন ঠিকানা ব্যবহার করতেন এবং পরিচয়পত্র ব্যবহারের বিষয়েও প্রশ্ন রয়েছে।