বিশেষ প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার উত্তর মৌড়াইলে চিহ্নিত মাদক ব্যবসায়ী আজাদের আস্তানায় অভিযান চালিয়েছে পুলিশ। তল্লাশিকালে আজাদের ঘরের বিছানা থেকে মাদক সেবনের সরঞ্জামাদিসহ ‘মো. আমিরুজ জামান, স্টাফ রিপোর্টার, বাংলাদেশ ন্যাশনাল টাইম ২৪’ লেখা একটি সাংবাদিক পরিচয়পত্র (প্রেস কার্ড) উদ্ধার করা হয়।
আজ ৬ সেপ্টেম্বর রোববার দুপুর ১টা ৩০ ঘটিকায় ২ নম্বর শহর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বেলাল হোসেনের নেতৃত্বে একটি পুলিশ টিম উত্তর মৌড়াইল এলাকার মৃত জামাল মিয়ার ছেলে মো. আজাদ-এর বসতঘরে এ তল্লাশি অভিযান চালায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজাদের বসতঘরে পুলিশি উপস্থিতি টের পেয়ে সে কৌশলে ঘরের পেছন দিয়ে পালিয়ে যায়। পরে পুলিশ ঘরের ভেতরে প্রবেশ করে তল্লাশি চালিয়ে খাটের ওপর থেকে মাদক সেবনের বিভিন্ন উপকরণ ও উক্ত প্রেস কার্ডটি উদ্ধার করে।
জানা গেছে, অভিযুক্ত আজাদ সাংবাদিকের পরিচয়পত্র ব্যবহার করে নানা অপকর্ম ও মাদক ব্যবসা চালিয়ে আসছিল। ভুয়া পরিচয়পত্রের আড়ালে সে দীর্ঘদিন ধরে এলাকায় প্রকাশ্যে মাদক কেনাবেচা ও সেবন করে আসছিল। তার এই অপকর্মের কারণে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থী ও যুবসমাজ ধ্বংসের মুখে পড়ছে।
পুলিশ জানিয়েছে, একাধিক মামলার আসামি আজাদের বিরুদ্ধে পূর্বেও একাধিক অভিযোগ রয়েছে। সে আদালত থেকে জামিনে বেরিয়ে এসে বারবার একই অপরাধে লিপ্ত হচ্ছে। চিহ্নিত এই অপরাধীকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং তাকে দ্রুত আইনের আওতায় আনতে পুলিশ এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছে।

