
তানভীর আহমেদ শাওন
নরসিংদীর কাঁঠালিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে বিএনপির দলীয় মনোনয়ন ঘিরে তৃণমূলে শুরু হয়েছে নানা আলোচনা। চেয়ারম্যান পদে আলোচনায় রয়েছেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসহাক মিয়া, সভাপতি ও সাবেক দুইবারের চেয়ারম্যান নূর মোহাম্মদ এবং যুবদল নেতা আক্তারুজ্জামান।তিন প্রার্থীর প্রত্যেকেই দলীয় মনোনয়নের প্রত্যাশা ব্যক্ত করলেও জানিয়েছেন—শেষ পর্যন্ত দল যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন তারা। তবে মনোনয়ন প্রত্যাশীদের রাজনৈতিক ত্যাগ, সামাজিক কর্মকাণ্ড ও জনসম্পৃক্ততার দাবির পাশাপাশি কাঁঠালিয়ার সাধারণ ভোটারদের প্রত্যাশার তালিকায় উঠে এসেছে সৎ, যোগ্য, জনবান্ধব ও হয়রানিমুক্ত ইউনিয়ন পরিষদ।স্থানীয় ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, চেয়ারম্যান পদে দলীয় পরিচয়ের পাশাপাশি প্রার্থীর সততা, শিক্ষাগত যোগ্যতা, সামাজিক গ্রহণযোগ্যতা, মানুষের সঙ্গে আচরণ এবং অতীত কর্মকাণ্ডকে গুরুত্ব দিতে চান তারা। একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবা পেতে হয়রানি, অতিরিক্ত অর্থ আদায় এবং উন্নয়নকাজে অনিয়মের অভিযোগ থেকে মুক্ত একটি কার্যকর পরিষদ চান স্থানীয়রা।কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও চেয়ারম্যান পদপ্রার্থী ইসহাক মিয়া বলেন, দলীয় সিদ্ধান্ত তাঁর কাছে চূড়ান্ত। দলের হাইকমান্ড যাকে মনোনয়ন দেবে, তাঁর পক্ষেই কাজ করবেন তিনি। মনোনয়ন পেলে কাঁঠালিয়ার মানুষের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি জানান, ইতোমধ্যে স্থানীয় নেতাদের সহযোগিতায় নয়টি নতুন ও ক্ষতিগ্রস্ত রাস্তা নির্মাণ এবং ধর্মীয় ও শিক্ষাপ্রতিষ্ঠানে সহায়তার উদ্যোগ নেওয়া হয়েছে।ইসহাক মিয়া বলেন, ছাত্রজীবন থেকেই তিনি এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে রয়েছেন। নির্বাচিত হলে ইভটিজিং, মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে কঠোর সামাজিক প্রতিরোধ গড়ে তোলার কথাও জানান তিনি।অন্যদিকে, কাঁঠালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক দুইবারের চেয়ারম্যান নূর মোহাম্মদ তাঁর দীর্ঘ জনপ্রতিনিধিত্বের অভিজ্ঞতাকে বড় শক্তি হিসেবে তুলে ধরছেন। তিনি দাবি করেন, সাড়ে ১৩ বছর চেয়ারম্যানের দায়িত্ব পালনকালে বয়স্ক ভাতা, বিধবা ভাতাসহ সরকারি সুবিধা দেওয়ার ক্ষেত্রে কোনো মানুষের কাছ থেকে ঘুষ নেননি।নূর মোহাম্মদ বলেন, দল যাঁকে যোগ্য মনে করবে, তাঁর পক্ষেই তিনি কাজ করবেন। তবে তাঁর দাবি, কাঁঠালিয়ায় তাঁর ব্যাপক জনসমর্থন রয়েছে। মাদক, অনলাইন জুয়া ও অপরাধ নিয়ন্ত্রণে স্থানীয়ভাবে প্রতিরোধ কমিটি গঠনের কথাও জানান তিনি।চেয়ারম্যান পদে আরেক আলোচিত মনোনয়নপ্রত্যাশী যুবদল নেতা আক্তারুজ্জামান তুলে ধরেছেন তাঁর রাজনৈতিক ত্যাগ ও আন্দোলন-সংগ্রামের অভিজ্ঞতা। তাঁর দাবি, বিগত সময়ে রাজনৈতিক মামলায় তাঁকে একাধিকবার কারাবরণ করতে হয়েছে। আগের নির্বাচনে অনিয়মের শিকার হওয়ার অভিযোগও করেন তিনি।আক্তারুজ্জামান বলেন, দলীয় মনোনয়ন যিনিই পান, দলের স্বার্থে তাঁর পক্ষেই কাজ করবেন। নির্বাচিত হলে দল-মত নির্বিশেষে ইউনিয়নের সব মানুষের জন্য কাজ করার পাশাপাশি মাদক, জুয়া, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক ও আইনগত উদ্যোগ জোরদার করার প্রতিশ্রুতি দেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের অবকাঠামোগত উন্নয়ন ও রাস্তা সংস্কারকে অগ্রাধিকার দেওয়ার কথা জানান।তবে প্রার্থীদের মনোনয়ন প্রত্যাশার বাইরে স্থানীয় ভোটারদের চাওয়ার জায়গাটিও বেশ স্পষ্ট।এক স্থানীয় ব্যবসায়ী বলেন, কাঁঠালিয়ার যোগাযোগব্যবস্থা এখনও কাঙ্ক্ষিত পর্যায়ে পৌঁছেনি। এলাকার গুরুত্বপূর্ণ রাস্তাগুলো পাকা ও মজবুত করার পাশাপাশি পানি নিষ্কাশনের জন্য কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চান তারা। তাঁর ভাষায়, নতুন চেয়ারম্যানের অন্যতম দায়িত্ব হবে এসব মৌলিক সমস্যার সমাধান করা।একই সঙ্গে ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে অতিরিক্ত অর্থ দাবি ও হয়রানির অভিযোগও তুলেছেন ওই ব্যবসায়ী। তাঁর দাবি, সরকারি নির্ধারিত ফির চেয়ে বেশি টাকা চাওয়ার ঘটনা স্থানীয়ভাবে রয়েছে। তবে এসব অর্থ সরাসরি চেয়ারম্যান নেন—এমন অভিযোগ তিনি করেননি; বরং পরিষদের কর্মচারী বা সংশ্লিষ্ট ব্যক্তিদের মাধ্যমে অতিরিক্ত অর্থ চাওয়ার কথা জানান।এক বয়স্ক ভোটার বলেন, সরকারি ভাতা ও বিভিন্ন সেবা পেতে হয়রানির অভিজ্ঞতা রয়েছে মানুষের। তাঁর প্রত্যাশা—যিনি চেয়ারম্যান হবেন, তিনি যেন কোনো ধরনের অর্থনৈতিক লেনদেন বা হয়রানি ছাড়াই যোগ্য ব্যক্তিকে সরকারি সেবা নিশ্চিত করেন।তবে সাবেক চেয়ারম্যান নূর মোহাম্মদ সম্পর্কে ওই ভোটারের মূল্যায়ন ছিল ইতিবাচক। তাঁর দাবি, নূর মোহাম্মদের সময়ে প্রয়োজনীয় কাগজপত্রে স্বাক্ষর নেওয়া তুলনামূলক সহজ ছিল এবং এ জন্য অতিরিক্ত অর্থ দেওয়ার প্রয়োজন হয়নি। নূর মোহাম্মদের বিরুদ্ধে ভাতা-কার্ড বা সরকারি সুবিধা নিয়ে দুর্নীতির কোনো তথ্য তাঁর জানা নেই বলেও জানান তিনি।এক নারী ভোটার বলেন, নতুন চেয়ারম্যানের কাছে তাঁদের প্রধান প্রত্যাশা শান্তিপূর্ণ পরিবেশ, সন্তানদের নিরাপত্তা, রাস্তাঘাটের উন্নয়ন এবং প্রয়োজনীয় নাগরিক সেবা নিশ্চিত করা। পাশাপাশি ইউনিয়ন পরিষদের সেবা নিতে গিয়ে নির্ধারিত ফির বাইরে অতিরিক্ত টাকা দিতে না হয়—এমন একটি ব্যবস্থা চান তিনি।স্থানীয়দের সঙ্গে কথা বলে আরও জানা যায়, কে দলীয় মনোনয়ন পেলেন—তার পাশাপাশি কেমন চেয়ারম্যান পাওয়া যাবে, সেটিই এখন তাদের কাছে বড় প্রশ্ন। কারও প্রত্যাশা ভালো যোগাযোগব্যবস্থা, কারও চাওয়া মাদক-জুয়া ও সামাজিক অপরাধমুক্ত পরিবেশ। আবার কেউ চান সরকারি সেবা পেতে যেন কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত অর্থের চাপ না থাকে।ফলে কাঁঠালিয়া ইউনিয়নে বিএনপির মনোনয়ন ঘিরে রাজনৈতিক হিসাব-নিকাশের পাশাপাশি সামনে আসছে জনসাধারণের প্রত্যাশার হিসাবও। তিন মনোনয়নপ্রত্যাশীর রাজনৈতিক পরিচয়, অতীত ভূমিকা ও জনপ্রিয়তার দাবির মধ্যে শেষ পর্যন্ত দল কাকে বেছে নেয়—সেদিকেই এখন তাকিয়ে স্থানীয় নেতাকর্মী ও ভোটাররা।তবে ভোটারদের প্রত্যাশা এক জায়গায়—চেয়ারম্যান যিনিই হোন, তিনি যেন হন সৎ, যোগ্য, সহজপ্রাপ্য এবং দল-মতের ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত একজন জনপ্রতিনিধি।

