নিজস্ব প্রতিবেদক

সাংবাদিক কামাল সরকারের নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিক মাসুদ রানা বাবুল ও কামাল হোসেনের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে নরসিংদীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) নরসিংদী জেলা জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের উদ্যোগে আয়োজিত এ মানববন্ধনে সংগঠনের সভাপতি ওবায়দুল ইসলাম নেতৃত্ব দেন।

এ সময় সংগঠনের সিনিয়র সহ-সভাপতি নুরুজ্জামান পিন্টু, যুগ্ম সম্পাদক নাজিমউদ্দিন, দপ্তর সম্পাদক ও জুলাই যোদ্ধা ইউসুফ ভূঁইয়া, প্রচার সম্পাদক নিরন মিয়া এবং সদস্য নাজমা বেগম, সাইফুল, মানিকসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মাসুদ রানা বাবুল দীর্ঘদিন ধরে এশিয়ান টিভি, দৈনিক আজকের চেতনা ও দ্য ফাইন্যান্সিয়াল পোস্টে সাংবাদিকতা করে আসছেন। মাদক, মানব পাচার, চাঁদাবাজি ও ধর্ষণের মতো অপরাধের বিরুদ্ধে সংবাদ প্রকাশ করতে গিয়ে তিনি এবং আরও দুই সাংবাদিক পরিকল্পিত হয়রানির শিকার হয়েছেন বলে অভিযোগ করেন তারা।

বক্তারা আরও বলেন, মামলার অপর আসামি কামাল হোসেন একজন সাবেক জনপ্রতিনিধি এবং দৈনিক নরসিংদীর নবকণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক। তিনি দীর্ঘদিন ধরে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত রয়েছেন।

এদিকে সাংবাদিক কামাল সরকার দীর্ঘ ২৫ বছর প্রবাস জীবন শেষে দেশে ফিরে দৈনিক নরসিংদীর সংবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। সম্প্রতি দায়ের করা একটি মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে মানববন্ধনে জানানো হয়।

মানববন্ধন থেকে নরসিংদীর পুলিশ সুপারের দৃষ্টি আকর্ষণ করে সংশ্লিষ্ট মামলাগুলোর নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। একই সঙ্গে প্রকৃত অপরাধী, মাদক ব্যবসায়ী, মানব পাচারকারী এবং মব সৃষ্টির সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার আহ্বান জানান বক্তারা।

এ সময় সাংবাদিক কামাল সরকারের অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং সাংবাদিক মাসুদ রানা বাবুল, কামাল হোসেনসহ সংশ্লিষ্ট সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।