ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর শিলমান্দী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে নিজের মেয়েকে ধর্ষণের অভিযোগে মো. হালিম মিয়াকে চট্টগ্রাম থেকে আটক করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ ও নরসিংদী মডেল থানা পুলিশের যৌথ দল।

পুলিশ জানিয়েছে, চার জেলায় কয়েক দফা অভিযান পরিচালনার পর চট্টগ্রামের হাটহাজারী এলাকার মাইজভান্ডারি মাজার-দরবার এলাকা থেকে তাকে আটক করা হয়।

নরসিংদী জেলা পুলিশ সূত্রে জানা যায়, গত ৪ সেপ্টেম্বর ভিকটিমের মামা মো. সফিকুল ইসলাম বাদী হয়ে নরসিংদী মডেল থানায় মামলা করেন। মামলাটি নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী-২০২৫)-এর ৯(১) ধারাসহ পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন-২০১২-এর ৮(১) ধারায় করা হয়।

মামলার পর থেকেই অভিযুক্ত হালিমকে আটকের জন্য বিভিন্ন স্থানে অভিযান চালাচ্ছিল আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশের ভাষ্য অনুযায়ী, হালিমের বিরুদ্ধে কয়েক মাস ধরে নিজের মেয়েকে জোরপূর্বক ধর্ষণ এবং ঘটনার ভিডিও মোবাইল ফোনে ধারণ করার অভিযোগ রয়েছে।

বিষয়টি জানাজানি হলে এলাকায় ক্ষোভ সৃষ্টি হয়। পরে অভিযুক্ত পালিয়ে আত্মগোপনে চলে যান। এ ঘটনায় অভিযুক্তকে আইনের আওতায় এনে বিচারের দাবিতে স্থানীয়ভাবে বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের উদ্যোগে প্রতিবাদ মিছিলও অনুষ্ঠিত হয়।

পুলিশ জানায়, অভিযুক্তের অবস্থান শনাক্ত করতে বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। একাধিকবার অভিযান পরিচালনার পর চট্টগ্রামের হাটহাজারীর মাইজভান্ডারি মাজার-দরবার এলাকা থেকে তাকে আটক করা সম্ভব হয়।

নরসিংদী পুলিশ সুপারের সার্বিক নির্দেশনায় অভিযানে সহযোগিতা করেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আশিকুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সজীব শাহরীন, নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং জেলা গোয়েন্দা পুলিশের সদস্যরা। অভিযানে নেতৃত্ব দেন এসআই সাদেকুর রহমান ও এসআই সাইফুল ইসলাম।

জেলা পুলিশ জানিয়েছে, আটক হালিমকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে এবং মামলার পরবর্তী কার্যক্রম আইন অনুযায়ী পরিচালিত হবে।

পুলিশ আরও জানায়, নারী ও শিশু নির্যাতনের বিরুদ্ধে নরসিংদী জেলা পুলিশ ‘শূন্য সহনশীলতা’ নীতিতে কাজ করছে। শিশুদের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করা আইনশৃঙ্খলা বাহিনীর নৈতিক ও আইনগত দায়িত্ব। এ ধরনের অপরাধে জড়িত কেউ দূরে আত্মগোপন করলেও তাকে আইনের আওতায় আনার জন্য অভিযান অব্যাহত থাকবে।