মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে মাদকদ্রব্য ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ৫ বোতল এসকাফ সিরাপ, ২৫ বোতল উইনসেরেক্স সিরাপ, একটি বাইসাইকেলসহ বিভিন্ন চোরাচালানি মালামাল আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
‎
‎সোমবার (২১ সেপ্টেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ আইসিপি ও আন্দুলিয়া বিওপির টহলদল সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করে।
‎
‎আটক মালামালের মধ্যে রয়েছে—৫ বোতল ESCUF SYRUP, ২৫ বোতল WINCEREX SYRUP, একটি বাইসাইকেল, ৬২টি শাড়ি, ৫টি ব্লাউজ, ২টি কম্বল, ১ দশমিক ৫ কেজি কিসমিস এবং ৭৫টি কসমেটিকস সামগ্রী। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৭৯ হাজার ৮০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনার আওতায় গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে।
‎
‎তিনি আরও জানান, এরই ধারাবাহিকতায় যশোর ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।