আবদুর রহমান
সম্পাদক

ঢাকা মহানগরীর যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান। একই সঙ্গে নগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, খাল খনন এবং নিরাপদ ও টেকসই ঢাকা গড়ে তুলতে সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন তিনি।

বুধবার সচিবালয়ে স্থানীয় সরকার বিভাগের সভাকক্ষে ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন, খাল খনন ও জলাবদ্ধতা দূরীকরণ এবং নিরাপদ ও টেকসই ঢাকা বিনির্মাণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা সভায় মন্ত্রী এসব নির্দেশনা দেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালামসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা দুই সিটি করপোরেশনের চলমান বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন।

যানজট নিরসনে কার্যকর উদ্যোগ

সভায় ঢাকার যানজটকে নগরবাসীর সময় ও অর্থনীতির ওপর বড় ধরনের প্রভাব ফেলা সমস্যা হিসেবে উল্লেখ করেন মন্ত্রী। তিনি বলেন, বড় শহরে মানুষের চলাচল সহজতর করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সড়কে মানুষের মূল্যবান সময় নষ্ট হলে এর বড় অর্থনৈতিক প্রভাব পড়ে। তাই নগরবাসীর চলাচল স্বাভাবিক রাখতে যানজট নিরসনে কার্যকর উদ্যোগ নিতে হবে।

তিনি যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর ওপর গুরুত্ব দেন এবং আলোচিত বিষয়গুলো দ্রুত বাস্তবায়নের নির্দেশনা দেন।

ডেঙ্গু প্রতিরোধে জোর

ডেঙ্গু প্রতিরোধে চলমান কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দিয়ে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী এ বিষয়ে কর্মসূচি উদ্বোধন করেছেন এবং পরিচ্ছন্নতা কার্যক্রমের ওপর গুরুত্ব দিয়েছেন। ডেঙ্গু নিয়ন্ত্রণে নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার পাশাপাশি চলমান উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।

তিনি বলেন, সভায় আলোচিত বিষয়গুলোর বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর নেওয়া কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, ঢাকাকে পরিচ্ছন্ন, নিরাপদ ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সিটি করপোরেশনগুলোর চলমান কার্যক্রম আরও জোরদার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে নিয়মিত অভিযান পরিচালনার ওপর গুরুত্ব দেন তিনি।

জলাবদ্ধতা ও খাল খনন

সভায় রাজধানীর জলাবদ্ধতা নিরসনে খাল খনন ও সংশ্লিষ্ট অবকাঠামোগত কার্যক্রমের অগ্রগতিও পর্যালোচনা করা হয়। পাশাপাশি ঢাকা মহানগরীর পরিষ্কার-পরিচ্ছন্নতা, ডেঙ্গু প্রতিরোধ, যানজট নিরসন এবং নিরাপদ ও টেকসই নগর গড়ে তোলার বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের গৃহীত বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা শেষে মন্ত্রী ও প্রতিমন্ত্রী সন্তোষ প্রকাশ করেন এবং চলমান কার্যক্রম আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন।

সভায় স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসানসহ স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।