মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

ডেঙ্গুর বিস্তার রোধ ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীর মনোহরদীতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মনোহরদী পৌর প্রশাসনের সার্বিক সহযোগিতায় সহকারী কমিশনার (ভূমি) কার্যালয় প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় এ অভিযান পরিচালিত হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে কার্যালয় প্রাঙ্গণসহ আশপাশের বিভিন্ন স্থানে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করা হয়।

অভিযানকালে সহকারী কমিশনার (ভূমি) মো. সজিব মিয়া বলেন, ডেঙ্গু প্রতিরোধে শুধু প্রশাসনের উদ্যোগ যথেষ্ট নয়; এ জন্য প্রত্যেককে নিজ নিজ বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গুর বাহক এডিস মশার বংশবিস্তার রোধে বাড়িঘর ও আশপাশে জমে থাকা পানি, ময়লা-আবর্জনা এবং মশার সম্ভাব্য প্রজননস্থল নিয়মিত পরিষ্কার করতে হবে।

তিনি আরও বলেন, কোথাও পানি জমে থাকলে দ্রুত তা অপসারণ করতে হবে। এডিস মশার প্রজননস্থল ধ্বংসের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধিতে প্রশাসনের পক্ষ থেকে নিয়মিতভাবে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করা হবে।