আবদুর রহমান
সম্পাদক

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে শিশুদের ভবিষ্যতে দেশপ্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।

বুধবার (৭ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি মিলনায়তনে ‘শিশু অধিকার দিবস ২০২৬’ ও বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

‘শিশুর স্বপ্নে ৫০ বছর: অর্জন, অভিজ্ঞতা ও আগামীর বাংলাদেশ’ শীর্ষক এ সেমিনারে মন্ত্রী বলেন, আজকের শিশুরাই আগামী দিনের বাংলাদেশের নেতৃত্ব দেবে। তাদের হাত ধরেই গড়ে উঠবে ভবিষ্যৎ বাংলাদেশ। তাই শিশুদের যথাযথভাবে গড়ে তোলার দায়িত্ব বর্তমান প্রজন্মের।

তিনি বলেন, শিশু অধিকার নিয়ে বিশ্বব্যাপী সচেতনতা তৈরির অনেক আগেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের ভবিষ্যৎ ও অধিকার নিয়ে চিন্তা করেছিলেন। শিশুদের সুপ্ত প্রতিভা ও সম্ভাবনা বিকশিত করে ভবিষ্যতের নেতৃত্বের জন্য প্রস্তুত করার প্রয়োজনীয়তা তিনি উপলব্ধি করেছিলেন।

বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তির আয়োজনকে তাৎপর্যপূর্ণ উল্লেখ করে ড. আবদুল মঈন খান বলেন, এই আয়োজনের মাধ্যমে শিশুরা ইতিহাসের গুরুত্বপূর্ণ একটি অধ্যায়ের অংশ হয়েছে। অতীতের অভিজ্ঞতা কাজে লাগিয়ে নিজেদের পাশাপাশি দেশের ভবিষ্যৎ গড়ার জন্য তাদের প্রস্তুত হতে হবে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, জাতিসংঘ ১৯৮৯ সালে শিশুদের নিয়ে আনুষ্ঠানিকভাবে ভাবনা শুরু করার আগে, ১৯৭৬ সালেই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শিশুদের কল্যাণে এ ধরনের কার্যক্রমের উদ্যোগ নিয়েছিলেন।

তিনি জানান, সরকার ধাপে ধাপে দেশের প্রতিটি উপজেলায় শিশু একাডেমির কার্যক্রম সম্প্রসারণ করছে। এসব কার্যক্রমে সুবিধাপ্রাপ্ত শিশুদের পাশাপাশি সুবিধাবঞ্চিত শিশুরাও সমান সুযোগ পাবে।

সেমিনারে বিশেষ অতিথি ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি সেলিমা রহমান। মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারের প্রধান তথ্য অফিসার সৈয়দ আবদাল আহমদ।