
ওমর ফারুক
নরসিংদীতে করিমপুর ইউনিয়ন গোল্ডকাপ–২০২৬, সিজন–৬-এর ফাইনাল ম্যাচে এক গোলের ব্যবধানে জয় তুলে নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে করিমপুর ন্যাশনাল একাদশ। জমজমাট ফাইনালে রানার্সআপ হয়েছে ফরাজী স্পোর্টিং ক্লাব।
ফাইনাল ম্যাচকে ঘিরে করিমপুর ফুটবল খেলার মাঠে দর্শকদের উপচে পড়া ভিড় দেখা যায়। মাঠের চারপাশে ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত দর্শকদের উচ্ছ্বাস ও উত্তেজনায় মুখর ছিল পুরো মাঠ।
ফাইনাল ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ঢাকা আইন সমিতির সভাপতি এ. কে. এম. আফজাল-উল-মনির, বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সদস্য ও করিমপুর ইউনিয়ন বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম মনির, গুডলিংক ট্রাভেলসের স্বত্বাধিকারী মো. হেলাল সরকার এবং করিমপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ইলিয়াস মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

ফুটবল টুর্নামেন্ট আয়োজনে ছিলেন রাব্বি সরকার, রাজমনি প্রধান, হৃদয় সরকার, যোবায়ের খন্দকার ও মোহম্মদ রানা প্রমুখ।
টুর্নামেন্টের ফাইনাল ম্যাচের মধ্য দিয়ে পর্দা নামে করিমপুর ইউনিয়ন গোল্ডকাপ–২০২৬, সিজন–৬-এর। আয়োজক ও দর্শকদের মধ্যে প্রতিযোগিতাটি ঘিরে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এমন আয়োজন স্থানীয় তরুণদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ জোরদারে ভূমিকা রাখবে বলে আশা সংশ্লিষ্টদের।

