সোহাগ মিয়া
নিজস্ব প্রতিবেদক

নরসিংদীকে মাদকমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এক বিশেষ ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালিত হয়েছে। অভিযানে ৪০০ গ্রাম গাঁজাসহ দুইজনকে গ্রেপ্তার করে বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।

সোমবার (১৯ অক্টোবর) নরসিংদী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের ‘ক’ সার্কেলের উদ্যোগে জেলার দুটি পৃথক স্থানে এই সাঁড়াশি অভিযান চালানো হয়।
​অভিযান সূত্র জানায়, নরসিংদী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ খালিদ হোসেন শিমুল এবং মোঃ মাসুদ রানা-এর যৌথ নেতৃত্বে নরসিংদী মডেল থানাধীন চিনিশপুর এবং পলাশ থানাধীন চরনগর্দী এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

অভিযানকালে মাদক সেবন ও বিক্রির অপরাধে দুইজনকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে তাদের নিকট থেকে যথাক্রমে ১০০ গ্রাম ও ৩০০ গ্রামসহ সর্বমোট ৪০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

পরবর্তীতে পরিচালিত পৃথক দুটি মোবাইল কোর্ট মামলায় বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, মোঃ সিরাজুল ইসলাম (৭২): ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা। মোঃ শিপন খান (৪৮): ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ টাকা জরিমানা। সাজা ঘোষণার পর সাজা পরোয়ানা মূলে আসামিদের নরসিংদী জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ জানান, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে জেলা প্রশাসন বদ্ধপরিকর। তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে এ ধরনের যৌথ অভিযান ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে।