মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর-বেনাপোল মহাসড়কের সদর উপজেলার নতুনহাট এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও দুজন। শুক্রবার (২৩ অক্টোবর) গভীর রাতে এ দুর্ঘটনা ঘটে।
‎
‎নিহতরা হলেন, যশোর সদর উপজেলার মণ্ডলগাতী গ্রামের শামিম হোসেনের ছেলে সিয়াম হোসেন এবং যশোর শহরের বেজপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে আরিফুল ইসলাম জয় ও মতিউর রহমানের ছেলে শাহরিয়ার হোসেন রুহান (১৮)।
‎
‎আহতরা হলেন, একই এলাকার আব্দুল কাদেরের ছেলে ওমর ফারুক এবং রুহুল আমিনের ছেলে রাকিব হাসান রিফাত। তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানা গেছে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে সিয়াম হোসেন, ওমর ফারুক ও রাকিব হাসান রিফাত একটি মোটরসাইকেলে করে মণ্ডলগাতী এলাকা থেকে বেনাপোলের দিকে যাচ্ছিলেন। মোটরসাইকেলটি নতুনহাট এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে যশোরের দিকে আসা অপর একটি মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।
‎
‎এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। নিহতদের মধ্যে সিয়াম হোসেন একটি মোটরসাইকেলের আরোহী ছিলেন। অপর মোটরসাইকেলে ছিলেন আরিফুল ইসলাম জয় ও শাহরিয়ার হোসেন রুহান। দুর্ঘটনায় আহত ওমর ফারুক ও রাকিব হাসান রিফাতকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে সেখানে তাদের চিকিৎসা চলছে।
‎
‎নাভারণ হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কেরামত আলী জানান, স্থানীয়দের মাধ্যমে দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।