মোঃ আব্দুল খালেক
রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রাম জেলার রৌমারী-ঢাকা মহাসড়কে ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষে পাঁচজন নিহতের ঘটনায় ট্রাকচালক লুৎফর রহমান (৫০) গ্রেপ্তার তার হয়েছেন। গতকাল শনিবার (২৪ অক্টোবর) রাত ৯টার দিকে পাবনা জেলা সদরে যৌথ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে এসআরবি জামালপুর-১৪ ও পাবনা-১২। গ্রেফতার লুৎফর রহমান পাবনা জেলা সদরের স্থায়ী বাসিন্দা বলে জানা গেছে।

উল্লেখ্য, গত ১৭ অক্টোবর শনিবার বেলা ৩টার দিকে রৌমারী উপজেলার যাদুরচর ইউনিয়নের শিবেরডাঙ্গী এলাকায় দারুল আরকান ও ফাতেমাতুজ্জহুরা মহিলা মাদ্রাসার মাঝামাঝি স্থানে মালবাহী ট্রাক ও যাত্রীবাহী ইজিবাইকের সংঘর্ষ হয়। এতে ইজিবাইকে থাকা লিপি (২৬), তাঁর ছেলে রিশাদ (১২), মেয়ে তুবা (৭) এবং তাঁর বোন শরীফা (৪২) নিহত হন। এ ছাড়া রাজীবপুর উপজেলার নজরুল ইসলাম নামের এক ব্যক্তি নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত হন শরীফার মেয়ে বৃষ্টি (২৫)।

দুর্ঘটনার পর ট্রাক ও ইজিবাইকের চালক পালিয়ে যান। ঘটনার দিন রাতেই নিহতদের পরিবারের পক্ষ থেকে রৌমারী থানায় ট্রাক ও ইজিবাইকের চালকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়া হয়। এ ঘটনার ছায়া তদন্তে পুলিশের পাশাপাশি কাজ শুরু করে এসআরবি জামালপুর-১৪।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাওসার আলী ট্রাকচালক গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেফতার লুৎফর রহমানকে পাবনা থেকে রৌমারীতে নিয়ে আসতে পুলিশ পাঠানো হয়েছে।