
মোস্তাফিজার রহমান
শিশুদের অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও খেলাধুলার মাধ্যমে তাদের মানসিক বিকাশে উৎসাহিত করতে কুড়িগ্রামের ফুলবাড়ীতে শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
“শিশুর ভবিষ্যৎ হোক সুরক্ষিত” এই প্রতিপাদকে সামনে রেখে মঙ্গলবার (২৯ অক্টোবর) বিকেল সাড়ে ৩টায় ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উদয়াঙ্কুর সেবা সংস্থার (ইউএসএস) আয়োজনে, অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এবং উইমেন ইনিশিয়েটিভ ফর কমিউনিটি ডেভেলপমেন্ট প্রজেক্ট, এলআরপি-৫২ এর বাস্তবায়নে এ ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
ফাইনাল খেলায় বিকেল সাড়ে তিনটায় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল বনাম উত্তর শিমুলবাড়ি উচ্চ বিদ্যালয় বালিকা ফুটবল দল অংশগ্রহণ করে।
এ খেলায় বড়ভিটা বালিকা উচ্চ বিদ্যালয় ফুটবল দল ১ গোলে জয়লাভ করে এবং সাড়ে চারটায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক ফুটবল দল এবং শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ফুটবল দলে খেলা অনুষ্ঠিত হয়। এ খেলায় বড়ভিটা উচ্চ বিদ্যালয় বালক দল দুই/এক গোলে জয়লাভ করে।
খেলা ঘিরে মাঠে দর্শকদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। দুই দলের খেলোয়াড়েরা নিজেদের সেরা নৈপুণ্য প্রদর্শনের মাধ্যমে দর্শকদের আনন্দ দেন।
এ সময় উপস্থিত ছিলেন,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডাের আহ্বায়ক মজিবর রহমান, উপজেলা মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম, ফুলবাড়ী জছি মিঞা মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবেদ আলী, শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) নাজমা বেগম, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান(জাহাঙ্গীর) উদয়াঙ্কুর সেবা সংস্থার প্রকল্প সমন্বয়কারী রবিউল ইসলামসহ সংস্থাটির প্রতিনিধিরা।
শিশু অধিকার সপ্তাহ উপলক্ষে এ ধরনের আয়োজন শিশুদের খেলাধুলায় আগ্রহী করে তোলার পাশাপাশি তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সম্প্রীতি ও দলগত চেতনা বিকাশে ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

