মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের ভারতীয় পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ আন্দুলিয়া বিওপি ও বেনাপোল আইসিপির টহলদল পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।
‎
‎জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ১১৫ বোতল ভারতীয় নেশাজাতীয় WINCEREX কফ সিরাপ, ১৯১টি শাড়ি, ৩টি থ্রি-পিস, ১টি কম্বল, ১০৩টি চাদর, ১৮ প্যাকেট ফুচকা, ১ প্যাকেট কিসমিস, ৪৬০টি চকলেট এবং ৩৭৩টি কসমেটিকস সামগ্রী। এসব মালামালের আনুমানিক মূল্য ২২ লাখ ৪০ হাজার ৫০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচার চক্রের সদস্যদের আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে।
‎
‎তিনি আরও জানান, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।