
মোঃ কামরুল ইসলাম খান
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ফুলপুর সদর ইউনিয়নের বাতিকুড়ায় অত্যন্ত উৎসবমুখর পরিবেশে মরহুম এ.কে.এম. সুজউদ্দিন সুজা স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। স্থানীয় ক্রীড়াপ্রেমী ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত এই ফাইনাল ম্যাচটি দেখতে মাঠে হাজারো দর্শকের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়।
উত্তেজনাপূর্ণ এই ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের (মউক) চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার।
খেলা শেষে প্রধান অতিথির বক্তব্যে মোতাহার হোসেন তালুকদার বলেন খেলাধুলা যুবসমাজকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মরহুম এ.কে.এম. সুজউদ্দিন সুজা তাঁর কর্মের মাধ্যমে মানুষের হৃদয়ে বেঁচে আছেন। তাঁর স্মৃতিতে আয়োজিত এই টুর্নামেন্ট এলাকার যুব সমাজকে ক্রীড়ামুখী করতে এক অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানে স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ, ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন স্তরের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। খেলা পরিচালনা কমিটির সার্বিক ব্যবস্থাপনায় একটি সুশৃঙ্খল ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ উপহার দেওয়ায় উভয় দলের খেলোয়াড়দের প্রশংসা করা হয়। ম্যাচ শেষে বিজয়ী ও রানার্সআপ দলের হাতে ট্রফি এবং পুরস্কার তুলে দেন প্রধান অতিথি ও আমন্ত্রিত অতিথিবৃন্দ।

