ওমর ফারুক
বার্তা সম্পাদক

নরসিংদীর শিবপুরে অকটেন পরিমাপে অনিয়মের দায়ে পাঠান ফিলিং স্টেশন নামে একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অকটেন ডিসপেন্সিং ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটার কম দেওয়ার অপরাধে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) উপজেলা প্রশাসন, শিবপুর ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), নরসিংদীর যৌথ উদ্যোগে উপজেলার বান্দারদিয়া এলাকায় অবস্থিত পাঠান ফিলিং স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন শিবপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান। এ সময় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই নরসিংদীর পরিদর্শক (মেট্রোলজি) মো. মাসুদ রানা। অভিযানে আরও উপস্থিত ছিলেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) সারোয়ার হোসাইন।

জনস্বার্থে ভোক্তাদের সঠিক পরিমাপে পণ্যপ্রাপ্তি নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই, নরসিংদী।