
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জে রাতের আঁধারে একটি বিদ্যালয়ে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। রবিবার (৮ নভেম্বর) ভোররাতে উপজেলার জলসুখা ইউনিয়নের মধ্যপাড়ায় অবস্থিত ‘জলসুখা কিন্ডারগার্টেন’ স্কুলে এই চুরির ঘটনা ঘটে। চোরেরা বিদ্যালয়ের অফিস কক্ষে রাখা প্লাস্টিকের ১০টি চেয়ার, সিলিং ফ্যান, ইলেকট্রিক কেটলি, ইলেকট্রিক চুলা, চায়ের কাপ, পিতলের ঘন্টি, ল্যাপটপ, কালার প্রিন্টার ও নগদ প্রায় ৪৬ হাজার টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে বলে জানা গেছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (৭ নভেম্বর) বিদ্যালয়ের কার্যক্রম শেষে বিদ্যালয় তালাবদ্ধ করে যে যার বাড়িতে ফিরে যান শিক্ষক ও কর্মচারীরা। রবিবার সকাল আনুমানিক সাড়ে ছয়টার দিকে বিদ্যালয় খুলতে এসে অফিস কক্ষের তালা খোলা দেখতে পান স্কুলের আয়া। এ সময় অফিস কক্ষে প্রবেশ করে চুরির বিষয়টি দেখতে পান তিনি।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত হাসান জানান, শনিবার বিকেলে স্কুল শেষে অন্যান্য দিনের মতো সব রুম তালাবদ্ধ করে আমরা বাড়ি ফিরি। রবিবার সকালে স্কুল এসে অফিসের তালা খোলা দেখে বিষয়টি আমাকে স্কুলের আয়া ফোনে জানান। অফিসে এসে দেখি সবকিছু চুরি হয়ে গেছে। নগদ ৪৫ হাজার ৯৫০টাকাসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য লিখিত অভিযোগ জমা দিতে আমরা এখন থানায় যাচ্ছি।
স্থানীয় বাসিন্দা বাহার মিয়া জানান, শিক্ষা প্রতিষ্ঠানের মত জায়গায় যদি এমন চুরির ঘটনা ঘটে তবে সাধারন মানুষ যাবে কোথায়! স্থানীয় ইউপি সদস্য আলা উদ্দিন মিয়া জানান,সকালে খবর পেয়ে বিদ্যালয়ে গিয়েছিলাম। সেখান থেকে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে গেছে৷ শিক্ষা প্রতিষ্ঠানে এমন চুরির ঘটনা দুঃখজনক।
উল্লেখ্য গত একমাসে জলসুখা ইউনিয়নের উপ স্বাস্থ্যকেন্দ্র,আটপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং হযরত আবু বকর সিদ্দিক (র:) মাদ্রাসায় চুরির ঘটনা ঘটে।
ইউনিয়ন জুড়ে এমন চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে চুর আতংক বিরাজ করছে। আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম জানান, এ বিষয়ে লিখিত অভিযোগ আমরা পেয়েছি। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

