
মোঃ আশিকুর রহমান
হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলায় নিত্যপণ্যের চড়া দামের পাশাপাশি রান্নার গ্যাস, বিদ্যুৎ বিলসহ সংসারের ব্যয়ের চাপে দিশেহারা সাধারণ মানুষ। আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খাচ্ছে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার।
বাজারে গিয়ে প্রয়োজনীয় পণ্য না কিনেই ফিরতে হচ্ছে অনেককে। কেউ সঞ্চয় ভাঙছেন, কেউ ঋণ করছেন, আবার কেউ সংসারের খরচ কমাতে চেষ্টা করছেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় নিয়ে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে ক্ষোভ, উদ্বেগ ও অসন্তোষ। নেই কোনো বাজার মনিটরিং।
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে গ্যাসের এই বাড়তি দাম নিম্ন ও মধ্যবিত্ত আয়ের মানুষের সংসার চালাতে হিমশিম অবস্থার তৈরি করেছে। সাম্প্রতিক সময়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম এক লাফে ২২৩ টাকা ক বাড়িয়ে ২ হাজার ৬০ টাকা নির্ধারণ করা হয়েছে।সরকার নির্ধারিত দামের চেয়ে বাজারে সিলিন্ডারপ্রতি অতিরিক্ত টাকা বা তারও বেশি নেওয়ার অভিযোগ রয়েছে ক্রেতাদের। কোথাও কোথাও ১২ কেজির সিলিন্ডার কিনতে ২ হাজার ৩০০টাকা থেকে ২ হাজার৩৫০ টাকা পর্যন্ত গুনতে হচ্ছে।
বাজারে দীর্ঘদিন ধরে সরকারের নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি দামে এলপিজি বিক্রি হচ্ছে। অথচ এ বিষয়ে কার্যকর বাজার তদারকি ও জবাবদিহি নিশ্চিত করা হচ্ছে না। আমদানিকারক, ডিলার ও খুচরা বিক্রেতাদের কমিশন বৃদ্ধির অজুহাতে ভোক্তাদের ওপর অতিরিক্ত ব্যয়ের বোঝা ক্রমাগত বেড়ে চলেছেই ।

