আবদুর রহমান
সম্পাদক

বাংলাদেশের বিস্তৃত নদ-নদী ও অভ্যন্তরীণ নৌপথে অভিযান পরিচালনায় সেনাবাহিনীর বিশেষায়িত সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে ঢাকার অদূরে ইকুরিয়ায় প্রতিষ্ঠিত রিভারাইন ইঞ্জিনিয়ারিং ট্রেনিং উইং-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার (৮ নভেম্বর) তিনি এ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের উদ্বোধন করেন। নদীপথে পরিচালিত বিভিন্ন সামরিক অভিযানে দক্ষ জনবল তৈরি এবং সেনাবাহিনীর অভিযানিক প্রস্তুতি আরও সুসংহত করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য।

প্রশিক্ষণ উইংটিতে আধুনিক শ্রেণিকক্ষ, সিমুলেটর রুমসহ প্রয়োজনীয় প্রশিক্ষণ-সুবিধা সংযোজন করা হয়েছে। এখানে রিভারাইন ইঞ্জিনিয়ারিং, নৌযান পরিচালনা এবং মেরিন ওয়ার্কশপ ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে বিশেষায়িত প্রশিক্ষণ দেওয়া হবে। এর মাধ্যমে নদীপথে কার্যক্রম পরিচালনায় দক্ষ ও প্রশিক্ষিত জনবল গড়ে তোলা সম্ভব হবে।

সংশ্লিষ্টরা মনে করছেন, বাংলাদেশের নদীবহুল ভৌগোলিক বাস্তবতায় এ প্রশিক্ষণ প্রতিষ্ঠান সেনাবাহিনীর নদীপথকেন্দ্রিক অভিযান পরিচালনার সক্ষমতা, কারিগরি দক্ষতা ও সামগ্রিক প্রস্তুতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে সেনাবাহিনীর মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স, ইঞ্জিনিয়ার ইন চিফসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা উপস্থিত ছিলেন।