
তানভীর আহমেদ শাওন
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, দর্শন ও কর্মের ওপর কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হয়েছে নরসিংদীতে।
নরসিংদী জেলা ছাত্রদলের আয়োজনে সাহেপ্রতাপ তাঁত বোর্ড অডিটোরিয়ামে এ প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়।প্রতিযোগিতায় নরসিংদী সদর উপজেলার ১৩১টি প্রাথমিক বিদ্যালয়, ৫৮টি উচ্চ বিদ্যালয় ও ৩২টি কলেজের বিভিন্ন পর্যায়ের প্রতিযোগীদের মধ্য থেকে বিজয়ী ও চ্যাম্পিয়নরা চূড়ান্ত পর্বে অংশগ্রহণ করে।
শিক্ষার্থীদের মধ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, আদর্শ, দর্শন ও কর্ম সম্পর্কে জ্ঞানচর্চা এবং সৃজনশীলতা বিকাশের লক্ষ্যেই এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নরসিংদী সদর-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, “শিক্ষার্থীদের শুধু পাঠ্যবইয়ের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। তাদের দেশের ইতিহাস, রাজনৈতিক প্রেক্ষাপট, জাতীয় ব্যক্তিত্ব এবং দেশ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা ব্যক্তিদের সম্পর্কে জানতে হবে।
এ ধরনের কুইজ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা শিক্ষার্থীদের জ্ঞান, মনন ও সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন প্রজন্মকে ইতিহাস সচেতন ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখা প্রয়োজন।”
নরসিংদী জেলা ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ বলেন, “জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন, দর্শন ও কর্ম সম্পর্কে শিক্ষার্থীদের জানার সুযোগ করে দিতেই আমাদের এ আয়োজন। নরসিংদী সদর উপজেলার বিপুলসংখ্যক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণ আমাদের অনুপ্রাণিত করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে।”
অনুষ্ঠানটি পরিকল্পনা ও বাস্তবায়নে বিশেষ ভূমিকা রাখেন সংসদ সদস্য খায়রুল কবির খোকন। আয়োজকদের পক্ষ থেকে তাঁর প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। সংশ্লিষ্টরা মনে করছেন, শিক্ষার্থীদের অংশগ্রহণে এ আয়োজন জ্ঞানচর্চা ও সৃজনশীল কর্মকাণ্ডে নতুন মাত্রা যোগ করবে।প্রতিযোগিতার বিভিন্ন পর্যায়ে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ এবং অংশগ্রহণকারীদের উৎসাহিত করার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

