মোঃ মোবারক হোসেন
নিজস্ব প্রতিবেদক

ঐতিহাসিক ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’-এর তাৎপর্য ও ঐতিহাসিক প্রেক্ষাপট নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে নরসিংদীর মনোহরদীতে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকালে মনোহরদী উপজেলার হাতিরদিয়া ছাদতআলী আদর্শ উচ্চ বিদ্যালয়ের হলরুমে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সোহরাব উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সভাপতি মো. আরিফুল ইসলাম ভূঁইয়া।

আলোচনা সভায় দিবসটির ঐতিহাসিক গুরুত্ব, তাৎপর্য এবং জাতীয় জীবনে এর প্রভাব নিয়ে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা মুজিবুর রহমান মাস্টার, আহ্বায়ক, মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড; বীর মুক্তিযোদ্ধা মুতিউল আলম ভূঁইয়া, সদস্য সচিব, মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড এবং বীর মুক্তিযোদ্ধা এমদাদুল হক শিকদার সুন্দর আলী, কমান্ডার, একদুয়ারিয়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ড।

বক্তারা বলেন, দেশের ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সম্পর্কে নতুন প্রজন্মকে জানানো অত্যন্ত জরুরি। মহান মুক্তিযুদ্ধের চেতনা, দেশপ্রেম, জাতীয় ঐক্য ও সংহতির মূল্যবোধ তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আলোচনা সভা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একই সঙ্গে তাঁরা শিক্ষার্থীদের দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানার এবং দেশ গঠনে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভার মধ্য দিয়ে শিক্ষার্থীদের মাঝে ঐতিহাসিক ৭ নভেম্বরের প্রেক্ষাপট ও জাতীয় সংহতির গুরুত্ব তুলে ধরার পাশাপাশি দেশপ্রেম ও ইতিহাসচর্চায় আগ্রহ সৃষ্টির ওপর গুরুত্বারোপ করা হয়।