বিজয় কর রতন
মিঠামইন (কিশোরগঞ্জ) প্রতিনিধি


কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি গাছ কেটে নেওয়ার অভিযোগে আদমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বৈষম্য বিরোধী মামলার আসামি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মন্নাফকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়।


এ ব্যাপারে অষ্টগ্ৰাম উপজেলা নির্বাহী কর্মকর্তা সাথী দাস জানান, গত ১১ ই নভেম্বর বুধবার মন্ত্রনালয় থেকে বরখাস্তের আদেশটি পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।
কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।

গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে স্থানীয় সরকার বিভাগের ইউনিয়ন পরিষদ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব স্বাক্ষর করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার আদমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল মন্নাফ কর্তৃপক্ষের অনুমতি ব্যতীত নীতিমালা বহির্ভূতভাবে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে বিদ্যমান ছয়টি গাছ কর্তন করেছেন। তাঁর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের পরিপ্রেক্ষিতে ইউনিয়ন পরিষদের ক্ষমতা প্রয়োগ প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে আইনবহির্ভূত বলে বিবেচিত হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, চেয়ারম্যানের বিরুদ্ধে সংঘটিত অপরাধমূলক কার্যক্রম ইউনিয়ন পরিষদসহ জনস্বার্থের পরিপন্থী বিবেচনায় স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯-এর ৩৪(৪) ধারার (খ) ও (ঘ) উপধারায় অপরাধ সংঘটিত করায় একই আইনের ৩৪(১) ধারা অনুযায়ী তাঁকে স্বীয় পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। আদেশটি জনস্বার্থে জারি করা হয়েছে এবং তা অবিলম্বে কার্যকর হবে।

এর আগে আদমপুর ইউনিয়ন পরিষদের সীমানা প্রাচীরের ভেতর থেকে ছয়টি মূল্যবান গাছ কেটে করাতকলে পাঠিয়ে দেওয়ার অভিযোগ ওঠে চেয়ারম্যান আব্দুল মন্নাফের বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসে। পরে অষ্টগ্রাম উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চেয়ারম্যানকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এ বিষয়ে আদমপুর ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও প্যানেল চেয়ারম্যান পলাশ মিয়া জানিয়েছিলেন, গাছ কাটার বিষয়ে তিনি কিছুই জানতেন না। চেয়ারম্যানের সঙ্গে এ বিষয়ে তাঁর কোনো কথাও হয়নি। অন্য সদস্যদের জিজ্ঞাসা করেও গাছ কাটার বিষয়ে তাঁদের অবগতির কথা জানা যায়নি।

অন্যদিকে অভিযোগ অস্বীকার করে চেয়ারম্যান আব্দুল মন্নাফ দাবি করেছিলেন, ইউনিয়ন পরিষদের তিনটি গাছ মরে গিয়ে পরিষদ ও স্থানীয় ব্যবসাপ্রতিষ্ঠানের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছিল। বিষয়টি তৎকালীন উপজেলা নির্বাহী কর্মকর্তা সিলিভিয়া স্নিগ্ধাকে জানালে তিনি গাছগুলো কাটার মৌখিক অনুমতি দিয়েছিলেন। তবে লিখিত অনুমতি না নেওয়াকে নিজের ভুল বলেও স্বীকার করেছিলেন তিনি। তাঁর দাবি ছিল, গাছগুলো বিক্রি না করে করাতকলে রাখা হয়েছে।

এদিকে সাময়িক বরখাস্তের সরকারি প্রজ্ঞাপন জারির পর স্থানীয়দের মধ্যে আলোচনা সৃষ্টি হয়েছে। সরকারি প্রতিষ্ঠানের সম্পত্তি রক্ষায় প্রশাসনের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখছেন সচেতন মহল।

তবে কাটা ছয়টি গাছের প্রকৃত মূল্য কত, সেগুলো বর্তমানে কোথায় রয়েছে এবং গাছগুলোর বিষয়ে পরবর্তী সময়ে কী ব্যবস্থা নেওয়া হবে—এসব প্রশ্নের সুরাহা চান স্থানীয়রা। একই সঙ্গে চেয়ারম্যানের সাময়িক বরখাস্তের পর আদমপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে, সেটিও এখন আলোচনায় রয়েছে।