মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার (১৪ নভেম্বর) বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করা হয়।
‎
‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৭৪টি ভারতীয় শাড়ি, ২টি থ্রিপিস, ৬টি কম্বল, ১৪টি চাদর, ৪ কেজি জিরা, ৩৪ প্যাকেট ফুসকা, ৯ কেজি কিসমিস এবং ৮৯৮টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১২ লাখ ৭ হাজার ৫০০ টাকা।
‎
‎যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সূত্রে জানা যায়, ব্যাটালিয়নের অধীনস্থ বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্টের টহলদল সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
‎
‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
‎