
ওমর ফারুক
নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সড়কে শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে জেলাজুড়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে নরসিংদী জেলা পুলিশ। জেলার সাতটি থানা ও ট্রাফিক বিভাগের সমন্বয়ে পরিচালিত এ অভিযানে বিভিন্ন অপরাধে ৩৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ট্রাফিক আইন অমান্য করায় ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের এবং ২ লাখ ৩৪ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে।
রবিবার (১৫ নভেম্বর) জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশের তথ্য অনুযায়ী, অভিযানের অংশ হিসেবে জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে মোট ১৬টি চেকপোস্ট স্থাপন করা হয়। এসব চেকপোস্টে যানবাহনে তল্লাশি এবং ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ৬টি মোটরসাইকেল আটক করা হয়। এ ছাড়া ৫টি প্রাইভেটকারসহ মোট ৮৭টি যানবাহনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।
থানাভিত্তিক অভিযানের তথ্যে জানা যায়, নরসিংদী মডেল থানা এলাকায় তিনটি চেকপোস্ট পরিচালনা করে তিনটি মোটরসাইকেল আটক, পাঁচটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ১৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। মাধবদী থানা এলাকায় দুটি চেকপোস্টে আটটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
পলাশ থানা এলাকায় দুটি চেকপোস্টে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা ও ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। শিবপুর থানা এলাকায় দুটি চেকপোস্টে ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ২৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। মনোহরদী থানা এলাকায় দুটি চেকপোস্টে একটি মোটরসাইকেল আটক, ১১টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা এবং ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ ছাড়া বেলাব থানা এলাকায় একটি চেকপোস্টে পাঁচটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ২৩ হাজার টাকা এবং রায়পুরা থানা এলাকায় একটি চেকপোস্টে চারটি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা করে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
অন্যদিকে, জেলা ট্রাফিক বিভাগ তিনটি চেকপোস্ট পরিচালনা করে দুটি মোটরসাইকেল আটক করে। এ সময় পাঁচটি গাড়ি ও ৩৪টি মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দায়ের এবং ১ লাখ ১২ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ডিবির অভিযানে দুই অপহরণকারী গ্রেপ্তার
জেলাব্যাপী বিশেষ অভিযানের পাশাপাশি জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পৃথক অভিযানে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। গত ১৪ নভেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার মরজাল এলাকার মেসার্স আমিন এন্টারপ্রাইজ পাম্পে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নরসিংদী সদর উপজেলার হাজীপুর এলাকার আহমদ মিয়ার ছেলে মো. আলমগীর হোসেন (৩২) এবং কিশোরগঞ্জের ভৈরব উপজেলার জগন্নাথপুর এলাকার মৃত জালাল উদ্দীনের ছেলে রায়হান মিয়া (৩০)।
পুলিশ জানায়, গ্রেপ্তারের সময় তাদের হেফাজত থেকে ঢাকা মেট্রো-গ-১৩-৪৩৪১ নম্বরের একটি কালো রঙের পুরোনো প্রাইভেটকার এবং নগদ ৩০ হাজার টাকা জব্দ করা হয়েছে। জেলা পুলিশের সংবাদ বিজ্ঞপ্তিতে তাদের পেশাদার অপহরণকারী হিসেবে উল্লেখ করা হয়েছে।
জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখা, অপরাধ ও অপরাধী নিয়ন্ত্রণ, মাদকবিরোধী কার্যক্রম জোরদার, জননিরাপত্তা নিশ্চিত করা এবং সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

