মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা মূল্যের বিদেশি মদ ও ভারতীয় বিভিন্ন ধরনের পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

‎‎মঙ্গলবার (১৭ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করে।‎‎জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৬২ বোতল বিদেশি মদ, ভারতীয় ১০৩টি শাড়ি, ৯টি কম্বল, ৮টি চাদর, ৫ কেজি জিরা, ৪৬ প্যাকেট ফুচকা, সাড়ে ১৩ কেজি কিসমিস, ৭ প্যাকেট সোনপাপড়ি, ৪৯৮টি চকলেট, ১ কেজি আমসত্ত্ব এবং ৮২৮টি কসমেটিকস সামগ্রী।

এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৪৭ হাজার ৮০০ টাকা।‎‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটক করতে সীমান্ত এলাকায় বিশেষ পরিকল্পনা অনুযায়ী গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।