
আবদুর রহমান
বাংলাদেশ সেনাবাহিনীর কোর অব সিগন্যালসের বাৎসরিক অধিনায়ক সম্মেলন-২০২৬ এবং ৭ম কোর পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে। ১৫ ও ১৬ নভেম্বর যশোর সেনানিবাসে অবস্থিত সিগন্যাল ট্রেনিং সেন্টার অ্যান্ড স্কুলে (এসটিসিঅ্যান্ডএস) এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। সম্মেলনে তিনি সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের অধিনায়ক ও ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
বক্তব্যে সেনাপ্রধান আধুনিক যুদ্ধক্ষেত্রের পরিবর্তিত চ্যালেঞ্জ মোকাবিলায় প্রযুক্তিগত উৎকর্ষ অর্জন ও উদ্ভাবনী সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। তিনি আধুনিক যোগাযোগব্যবস্থায় সিগন্যালস কোরকে আরও দক্ষ, গতিশীল ও যুগোপযোগী করে গড়ে তোলার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। এ ছাড়া ইলেকট্রনিক যুদ্ধ, ড্রোন প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োগ এবং সাইবার যুদ্ধের সক্ষমতা বৃদ্ধির ওপর বিশেষ গুরুত্ব দেন। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় আধুনিক ও বাস্তবমুখী প্রশিক্ষণের মাধ্যমে কোরের সদস্যদের সর্বদা প্রস্তুত থাকার নির্দেশনাও দেন তিনি।
পরে এসটিসিঅ্যান্ডএসে আয়োজিত আইসিটি ইনোভেশন ডিসপ্লে পরিদর্শন করেন সেনাপ্রধান। এ সময় সিগন্যালস কোরের বিভিন্ন ইউনিটের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর উদ্যোগ ঘুরে দেখেন তিনি।
অন্যদিকে, ৭ম কোর পুনর্মিলনী উপলক্ষে শহীদ ক্যাপ্টেন আবদুল হামিদ খান প্যারেড গ্রাউন্ডে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মনোমুগ্ধকর পুনর্মিলনী কুচকাওয়াজ পরিদর্শন করেন সেনাপ্রধান। পরে কোরের বর্তমান ও প্রাক্তন সদস্যদের উদ্দেশে বক্তব্য দেন তিনি।
এ সময় সিগন্যালস কোরের গৌরবোজ্জ্বল ইতিহাস, ঐতিহ্য, মহান মুক্তিযুদ্ধসহ বিভিন্ন সময়ে দেশ ও সেনাবাহিনীর জন্য কোরের অবদান এবং অর্জনের কথা তুলে ধরেন সেনাপ্রধান। ভবিষ্যতেও দেশ ও জাতির সেবায় নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য কোরের সদস্যদের প্রতি আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সিগন্যালস কোরের কর্নেল কমান্ড্যান্ট, প্রতিরক্ষা ক্রয় মহাপরিদপ্তরের মহাপরিচালক, আর্মি ট্রেনিং অ্যান্ড ডকট্রিন কমান্ডের ভারপ্রাপ্ত জেনারেল অফিসার কমান্ডিং, সেনাবাহিনীর অ্যাডজুট্যান্ট জেনারেল, ৫৫ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং ও যশোর এরিয়ার এরিয়া কমান্ডারসহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ ছাড়া সিগন্যালস কোরের কর্মরত ও অবসরপ্রাপ্ত সদস্য, তাঁদের পরিবারবর্গ, আমন্ত্রিত অতিথি এবং বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যরা অনুষ্ঠানে অংশ নেন।

