মোস্তাফিজার রহমান
ফুলবাড়ি (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে ছয়টি ইউনিয়নের স্থানীয় কমিউনিটি কর্তৃক বাছাইকৃত ৮০০ অধিকারধারী পরিবারের জীবিকা পুনরুদ্ধারে আর্থিক সহায়তা প্রদান কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) ইসলামিক রিলিফ বাংলাদেশের চলমান স্কেল-এলএলএ প্রকল্পের আওতায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

ইসলামিক রিলিফ ফুলবাড়ী ফিল্ড অফিস প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহিদ হাসান। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. সিরাজদ্দৌল্লা, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো. মাহমুদুল হাসান, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, নারী উদ্যোক্তা রাজিয়া সুলতানা, এপেক্স বডির সভাপতি শাহিনুর খাতুনসহ ইসলামিক রিলিফের প্রকল্পকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ফুলবাড়ী ইউনিয়নের বাছাইকৃত ১০৩টি অধিকারধারী পরিবারের প্রত্যেককে ২ হাজার ৪০০ টাকা করে আর্থিক সহায়তা প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকি পরিবারগুলোকেও আগামী সপ্তাহের মধ্যে এ সহায়তা পৌঁছে দেওয়ার কথা রয়েছে। আয়োজকরা জানান, স্থানীয় কমিউনিটির মাধ্যমে উপকারভোগী পরিবার নির্বাচন করে তাদের জীবিকা পুনরুদ্ধার ও আর্থিক সক্ষমতা বৃদ্ধিতে এ সহায়তা প্রদান করা হচ্ছে।

পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনায় স্থানীয় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে সক্রিয় করা এবং জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি হ্রাসেও প্রকল্পের বিভিন্ন কার্যক্রম চলমান রয়েছে। অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা মানুষের জীবনমান উন্নয়ন এবং জীবিকা পুনরুদ্ধারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।