মোঃ সেলিম রেজা তাজ
বেনাপোল (যশোর) প্রতিনিধি

যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।‎বুধবার (১৮ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধীনস্থ বেনাপোল আইসিপি টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য আটক করে।‎‎

জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ভারতীয় ১১২টি শাড়ি, ২১টি কম্বল, ৮টি চাদর, ৭ কেজি জিরা, ২৯ প্যাকেট ফুচকা, ১১ কেজি কিশমিশ, ১১ প্যাকেট সন পাপড়ি, ৫৫০টি চকলেট এবং ১ হাজার ৬৪১টি কসমেটিকস সামগ্রী।

আটক করা এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৭ লাখ ৬১ হাজার ৬০০ টাকা।‎‎এ বিষয়ে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদকদ্রব্য ও চোরাচালানি মালামালসহ পাচারকারী চক্রকে আটকের লক্ষ্যে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হচ্ছে। সীমান্তে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।‎