
মোঃ সেলিম রেজা তাজ
যশোর সীমান্তে চোরাচালানবিরোধী অভিযান চালিয়ে ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (২০ নভেম্বর) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধীনস্থ বেনাপোল আইসিপির টহলদল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে এসব পণ্য জব্দ করে।
জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৮১টি শাড়ি, ২৪টি কম্বল, ১৯টি চাদর, ৩ কেজি জিরা, ১৮ প্যাকেট ফুসকা, ১৯ কেজি কিসমিস, ৭ প্যাকেট সন পাপড়ি, ৭৩৭টি চকলেট, ৩৬০টি ওষুধ এবং ১ হাজার ৯৪টি কসমেটিকস সামগ্রী। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ ৮৮ হাজার ৭০০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, মাদক ও চোরাচালানবিরোধী কার্যক্রম জোরদারে সীমান্ত এলাকায় গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করা হচ্ছে। সীমান্তে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

